Published : 30 Mar 2026, 01:07 PM
মাদারীপুরে বিয়ের অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিরোধের জেরে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় অন্তত ১৫টি ঘরবাড়ি ভাঙচুরের পাশাপাশি পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে।
রোববার সন্ধ্যা থেকে সোমবার ভোর পর্যন্ত পৌর শহরের থানতলী ও পাকদী এলাকায় এ সংঘর্ষ চলে বলে মাদারীপুর সদর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ জানিয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা বলছে, শনিবার দুপুরে শহরের পাকদী এলাকার প্লানেট কমিউনিটি সেন্টারে একই এলাকার শাহজাহান মিয়ার ছেলে ইতালি প্রবাসী মামুন হোসেনের বৌ ভাত অনুষ্ঠানে চেয়ার নিয়ে বসাকে কেন্দ্র করে থানতলী এলাকার ফজল খাঁর ছেলে আকিব খাঁ এবং পাকদী এলাকার দবির মুন্সির ছেলে মঈন মুন্সির মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে উপস্থিত অতিথিরা বিষয়টি মীমাংসা করে দেন।
ওই ঘটনার জেরে রোববার সন্ধ্যায় আকিব ও মঈন কিশোর গ্যাং গ্রুপ সংগঠিত হয়ে সংঘর্ষ শুরু করে। এ সময় একের পর এক ককটেল বিস্ফোরণের শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, পরে রাত ৯টার দিকে আবারও উভয়পক্ষ দ্বিতীয় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রাতে পুলিশ এলাকা ছেড়ে চলে গেলে সোমবার ভোররাতে ফের তৃতীয় দফায় সংঘর্ষে জড়ায় দুপক্ষ। এ সময় দুই পক্ষের অতর্কিত হামলায় পাকদী এলাকার ১৫টি বতসঘর ভাঙচুর করা হয়। এতে আহত হন অন্তত পাঁচ জন।
ওসি আবুল কালাম বলেন, খবর পেয়ে সোমবার সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাড়তি পুলিশ মোতায়েন রয়েছে।
এ ঘটনায় এখনো থানায় কোনো মামলা হয়নি জানিয়ে তিনি বলেন, সংঘর্ষে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।