১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নারায়ণগঞ্জে ‘বন্দুক’ হাতে ঘুরে বেড়ানোর ভিডিও, দুই তরুণ কারাগারে

বন্দুক হাতে সড়ক ও পার্কে ঘুরে বেড়ানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। পরে জানা যায়, বন্দুক দুটি খেলনা।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2026, 09:10 PM

Updated : 11 Sep 2026, 03:55 PM

নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় ‘বন্দুক’ হাতে ঘুরে বেড়ানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দুই তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ ঘটনায় মামলা হলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে শনিবার জানান আদালত পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ।

দুই তরুণ হলেন- বন্দর উপজেলার আমিন আবাসিক এলাকার শামীম আহমেদের ছেলে মো. লিমন তোহা (২২) এবং একই এলাকার স্বপন মোল্লার ছেলে মো. ইয়াছিন মোল্লা (২৩)।

পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে শহরের দুই নম্বর রেলগেট এলাকা থেকে তাদের আটক করা হয়। শনিবার সদর মডেল থানার এসআই সাখাওয়াত হোসেন তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২-এর ৪ ধারায় মামলা করেন। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রায় ৩৫ সেকেন্ডের কয়েকটি ভিডিওতে দুই তরুণকে কালো রঙের লম্বা কুর্তা-পায়জামা ও টুপি পরা অবস্থায় দেখা যায়। তাদের হাতে ছিল কালো রঙের বড় দুটি ‘বন্দুক’।

ভিডিওতে কখনো পার্কে, কখনো ব্যস্ত সড়কে এবং কখনো দোকানের সামনে তাদের ঘুরতে দেখা যায়। এ সময় তারা পথচারী ও শিশুদের দিকে ‘বন্দুক’ তাক করছিলেন। এতে কেউ সরে যাচ্ছিলেন, আবার কেউ থেমে তাকিয়ে ছিলেন।

জেলা পুলিশ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ভিডিও ছড়িয়ে পড়ার পর তথ্য ও প্রযুক্তি ইউনিট দুই তরুণকে শনাক্ত করে। পরে তাদের আটক করা হয়।

পুলিশের ভাষ্য, ভিডিওতে ব্যবহৃত অস্ত্র দুটি শটগান ও এসএমজির আদলে তৈরি প্লাস্টিকের খেলনা বন্দুক। এসব হাতে নিয়ে তারা মহড়া দিয়ে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেন।

পুলিশ বলছে, খেলনা অস্ত্র হলেও তা দিয়ে সাধারণ মানুষকে ভয় দেখানো এবং সেই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ। এ কারণেই তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

তবে লিমনের পরিবারের দাবি, এটি ছিল ‘প্রাঙ্ক’ ভিডিও। লিমনের মা লাইজু আক্তার বলেন, প্রায় ১০ দিন আগে ভিডিওটি করা হয়। লিমনের বন্ধু ইয়াছিন ভিডিও ধারণে সহযোগিতা করেন।

লাইজু বলেন, “মজার ছলেই ওরা ভিডিওটি করেছিল। বিষয়টি এতদূর গড়াবে, তা তারা বুঝতে পারেনি। আমরা সাধারণ পরিবারের লোকজন। এখন ছেলের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় আছি।”

পুলিশ জানায়, ভিডিওগুলো নারায়ণগঞ্জ সিটি পার্কের বিভিন্ন এলাকায় ধারণ করা হয়। লিমন নিজের ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটক অ্যাকাউন্টে ভিডিওগুলো প্রকাশ করেন। একটি ভিডিওতে ভারতের একটি সিনেমার ‘আফগান জালেবি’ গানও ব্যবহার করা হয়।