১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

নওগাঁয় ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ নির্মাণ কাজের উদ্বোধন

জুলাই গণঅভ্যুত্থানে ঢাকাসহ বিভিন্ন জায়গায় নওগাঁর নয়জন প্রাণ হারিয়েছিলেন।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2025, 09:48 PM

Updated : 26 Aug 2026, 01:21 PM

জুলাই-অগাস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে নওগাঁয় ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ নির্মাণ কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদীন, গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, জুলাই আন্দোলনের বীর শহীদদের স্মরণে এই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হচ্ছে। গণপূর্ত অধিদপ্তর এই স্মৃতিস্তম্ভের নকশা করেছে। নওগাঁ গণপূর্ত বিভাগ স্মৃতিস্তম্ভ নির্মাণের কাজ করছে। ৫ অগাস্টের মধ্যে এর কাজ শেষ হবে। সেদিন এখানে জুলাই শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে এবং দোয়া করা হবে।  

তিনি আরও বলেন, “৫ অগাস্ট কী হয়েছিল, চব্বিশের গণঅভ্যুত্থানে কারা শহীদ হয়েছিলেন এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের গল্প নতুন প্রজন্ম এই স্মৃতিস্তম্ভ নির্মাণের মাধ্যমে জানতে পারবে। এ ছাড়াও শহীদ পরিবারের সদস্যরা প্রতিবছর স্মৃতিস্তম্ভের মাধ্যমে তাদের স্মরণ ও শ্রদ্ধা জানাতে পারবে।”

জুলাই গণঅভ্যুত্থানে ঢাকাসহ বিভিন্ন জায়গায় নওগাঁর নয়জন প্রাণ হারিয়েছিলেন।