Published : 18 Feb 2026, 03:26 PM
শেরপুরের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের করা মাদকের তালিকায় থাকা 'টাপেন্টাডল' নামের ভারতীয় ওষুধ জব্দ করেছে বিজিবি।
বুধবার ভোররাতে ঝিনাইগাতীর হলদীগ্রাম সীমান্ত এলাকা থেকে ওষুধগুলো জব্দ করা হয় বলে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়েজিদ জানান।
তিনি বলেন, “হলদীগ্রাম সীমান্ত দিয়ে চোরাকারবারিরা অভিনব কৌশলে ভারতীয় পণ্য ওষুধ পাচারের চেষ্টা করে। বিজিবির একটি টহল দল গোপন সংবাদে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় 'টাপেন্টাডল' জব্দ করে। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরা কারবারিরা পাহাড়ে পালিয়ে যায়।”
কর্নেল নুরুল আজিম বলছেন, জব্দ করা এসব ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ১২ লাখ ৯৭ হাজার টাকা।
সীমান্ত রক্ষা ও যে কোনো প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছেন বলে জানান তিনি।