Published : 04 Nov 2025, 07:43 PM
কুমিল্লার রামমালা গ্রন্থাগারসহ দেশের প্রাচীন লাইব্রেরিগুলো ডিজিটাইজেশন করা হবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।
মঙ্গলবার বিকালে শহরের কান্দির পাড়ের মহেশাঙ্গনের রামমালা গ্রন্থাগার পরিদর্শনে গিয়ে এ কথা জানান তিনি।
মাহফুজ আলম বলেন, “কথিত আছে রামমালা পাঠাগার বাংলাদেশের তৃতীয় অথবা চতুর্থ পাণ্ডুলিপি পুঁথি সংরক্ষণাগার।
এটি বাংলাদেশের প্রাচীন ঐতিহ্যের অংশ। ঢাকা বিশ্ববিদ্যালয় ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের পর সবচেয়ে বেশি প্রাচীন পুঁথি পাণ্ডুলিপি সংগ্রহীত আছে শতবর্ষী রামমালা গ্রন্থাগারে।
“এখানে এসে দেখলাম অনেক পুঁথি পত্রই নষ্ট হওয়ার মতো অবস্থা। এখানে যেসব তাল পাতার পুঁথিসহ অন্যান্য প্রাচীন বইপত্র আছে সেগুলোকে ডিজিটালাইজেশন করে সংরক্ষণ করা এখন সময়ের দাবি।”
তিনি বলেন, “ডিজিটালাইজেশন হয়ে গেলে এই পুঁথির একটি কপি আমাদের কাছে সংগ্রহীত থাকবে। এ ব্যাপারে আমরা সংস্কৃতি মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলব।
“পরবর্তীতে যদি সম্ভব হয় তাহলে আমরা এটি আলাদা ভবনের সংরক্ষণ করা যায় কিনা সেটি চিন্তাভাবনা করব।”
তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন, “এইসব পাণ্ডুলিপি পুঁথি খুবই গুরুত্বপূর্ণ এবং আন্তর্জাতিক মূল্য সম্পন্ন। তাই এগুলোকে নির্দিষ্ট তাপমাত্রায় এবং পরিষ্কার পরিচ্ছন্নতার সঙ্গে সংরক্ষণ করার প্রয়োজনীয়তা ব্যাপক।”
রামমালা গ্রন্থাগার কর্তৃপক্ষ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এই গ্রন্থাগারে সাড়ে আট হাজারেরও বেশি পুঁথি পাণ্ডুলিপি ও বইপত্র সংরক্ষিত আছে। যা এই উপমহাদেশে একটি অন্যতম প্রাচীন সংগ্রহশালা হিসেবে বিবেচিত।