১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কিশোরগঞ্জে ২২ বছর পর উপজেলা বিএনপির সম্মেলন, হট্টগোলে হয়নি কমিটি

কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, নেতাদের হস্তক্ষেপে সম্মেলনের উত্তেজনা সংঘাতে রূপ নেয়নি।

কিশোরগঞ্জে ২২ বছর পর উপজেলা বিএনপির সম্মেলন, হট্টগোলে হয়নি কমিটি
মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জের হোসেনপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে উপজেলা বিএনপির সম্মেলন শুরু হয়।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2025, 08:59 PM

Updated : 26 Aug 2026, 01:36 PM

দীর্ঘ ২২ বছর পর কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা বিএনপির সম্মেলন আয়োজন করা হলেও দফায় দফায় উত্তেজনা, হট্টগোলের কমিটি র্নিবাচনের ভোট করা সম্ভব হয়নি।   

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম বলেন, “সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। পরে সুবিধাজনক সময়ে সব পক্ষকে নিয়ে কমিটি গঠন করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ অবস্থায় বর্তমান আহ্বায়ক কমিটি দায়িত্ব চালিয়ে যাবে।” 

এর আগে মঙ্গলবার দুপুরে জেলার হোসেনপুর উপজেলা সদরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বিএনপির সম্মেলন শুরু হয়। 

২০০৩ সালে অনুষ্ঠিতের দীর্ঘ ২২ বছর পর আয়োজিত এ সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম।

হোসেনপুর উপজেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম মবিনের সভাপতিত্বে প্রথম অধিবেশনে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম। 

প্রধান বক্তা ছিলেন ময়মনসিংহ বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ। 

প্রধান অতিথির বক্তব্যে শরীফুল আলম বলেন, “গত ১৭ বছরে ফ্যাসিস্ট সরকারের আমলে ১ লাখ ৩৫ হাজার মামলা, ৪৫ লাখ আসামি, হাজার হাজার নেতা-কর্মী গুম-খুন হয়েছে এবং রাজপথে রক্ত দিয়েছে। এই ত্যাগের যদি মূল্যায়ন করতে হয়, শহীদদের স্বপ্ন যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে আমাদের ঐক্য ও ধৈর্য্যর কোনো বিকল্প নেই।”

তিনি আরও বলেন, “দলের ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান প্রতি মুহূর্তে দলের উপর নজর রাখছেন এবং দিক-নির্দেশনা দিচ্ছেন। আমরা যদি দলের নেতৃত্বকে শ্রদ্ধা করি, তাহলে সেটা নেতাকর্মীদের আচরণে প্রকাশ হতে হবে।”

তবে দু’পক্ষের মুহুর্মুহু শ্লোগান-পাল্টা শ্লোগান ও উত্তেজনার মধ্যে সম্মেলনের প্রথম অধিবেশন কোনো রকমে শেষ হলেও দ্বিতীয় অধিবেশনের এক পর্যায়ে শুরু হওয়া ব্যাপক হট্টগোলের কারণে কাউন্সিলরদের ভোটের মাধ্যমে নতুন কমিটি গঠন প্রক্রিয়া স্থগিত করা হয়। 

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, নেতাদের হস্তক্ষেপে সম্মেলনের উত্তেজনা সংঘাতে রূপ নেয়নি। পরে দ্বিতীয় অধিবেশন সম্পন্ন না করেই উপস্থিত নেতৃবৃন্দ সম্মেলনস্থল ত্যাগ করেন।