১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সকালে তার ঘরের দরজা বন্ধ দেখে সন্দেহ হলে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ দরজা ভেঙে লাশ উদ্ধার করে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2026, 05:04 PM

Updated : 11 Sep 2026, 03:37 PM

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকা থেকে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার সকাল ৯টার দিকে খবর পেয়ে পুলিশ চাঁদলাই মহল্লার মোন্নাপাড়ার একটি বাসার শয়নকক্ষের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে বলে জানিয়েছেন সদর থানার ওসি একরামুল হক। 

লাশ উদ্ধার হওয়া মাউনজেরা খাতুন (২৩) ওই এলাকার সুমনের স্ত্রী। সুমন সৌদি আরবে কর্মরত।

ঘটনাস্থলে থাকা সদর থানার এসআই সাগর আলী বলেন, প্রেমের সম্পর্কের জের ধরে মাউনজেরার সঙ্গে সুমনের বাল্যবিয়ে হয়। তাদের প্রায় ১০ বছরের দাম্পত্য জীবনে দুটি কন্যাসন্তান রয়েছে।

এসআই সাগর বলেন, তাদের বড় মেয়ে দাদা কাইয়ুম আলীর সঙ্গে বাসার এক কক্ষে ছিলেন। আরেক কক্ষে মাউনজেরা ছোট মেয়েকে নিয়েছিলেন। সকালে তার ঘরের দরজা বন্ধ দেখে সন্দেহ হলে পুলিশকে খবর দেওয়া হয়।

পরে পুলিশ দরজা ভেঙে ঘরের ভেতর থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।

ওসি একরামুল হক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্বামীর সঙ্গে মোবাইল ফোনে কথা কাটাকাটি কিংবা পরকীয়ার কারণে এ ঘটনা ঘটতে পারে। তবে প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। 

মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলেন এ পুলিশ কর্মকর্তা।