১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কারাগারে যেভাবে কাটল মমতাজ-আইভিদের ঈদ, যা খেলেন

বন্দিদের জন্য আলাদা আলাদা ঈদ জামাতের আয়োজন করা হয়।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2026, 09:17 PM

Updated : 26 Aug 2026, 03:43 PM

ঈদ উপলক্ষে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দিদের বিশেষ খাবার দেওয়া হয়েছে। সেই সঙ্গে বন্দিদের জন্য আলাদা আলাদা ঈদ জামাতের আয়োজন করা হয়। 

এ ছাড়া ডে-কেয়ার সেন্টারে থাকা শিশুদের মধ্যে বিশেষ খাবারের পাশাপাশি নতুন জামা, চকলেট, কেক, চিপস বিতরণ করে কারা কর্তৃপক্ষ।

কাশিমপুর কারাগারে বন্দিদের মধ্যে রয়েছেন নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভি, সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম, সোহরাব উদ্দিন, মোহাম্মদ আফজাল হোসেন, সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল হক বাবুর মত বিশেষ ব্যক্তিরা। তারা সাধারণ বন্দিদের সঙ্গে কারাগারের দেওয়া খাবার খেয়েছেন। 

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, এই কারাগারে দুই হাজার ৭৮০ বন্দি রয়েছেন। তাদের মধ্যে এক হাজার ৪৫০ জন ফাঁসির এবং দেড়শর মত যাবজ্জীবন দণ্ড পাওয়া আসামি। কারাগারে ঈদের নামাজের জন্য ১১টি জামাতের আয়োজন করা হয়।

বন্দিদের খাবারের তালিকায় সকালে ছিল পায়েস ও মুড়ি; দুপুরে মাংস, পোলাও, সালাদ ও কোমল পানীয়, পান-সুপারি, মিষ্টি এবং রাতে সাদা ভাত, রুই মাছ ও আলুর দম দেওয়া হয়েছে। এ ছাড়া বন্দিদের অংশগ্রহণে প্রীতি ক্রিকেট ম্যাচ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১ এর জ্যেষ্ঠ সুপার নজরুল ইসলাম বলেন, তার কারাগারে এক হাজার ৪৪৯ জন বন্দি রয়েছেন। এর মধ্যে ১৬ জন ফাঁসি, শতাধিক যাবজ্জীবনের আসামি। 

এ কারাগারে বন্দিদের জন্য ঈদের সাতটি জামাতের আয়োজন করা হয়। 

খাবারের তালিকায় সকালে ছিল পায়েস ও মুড়ি; দুপুরে মাংস, পোলাও, সালাদ, পান-সুপারি, মিষ্টি ও কোমল পানীয়। আর রাতে সাদা ভাত, আলুর দম ও রুই মাছ।

কাশিমপুর কারাগার পার্ট-২ এর জেলার মো. আবুল হোসেন বলেন, তার কারাগারে তিন হাজার ৬৮৮ জন বন্দি রয়েছেন। তাদের মধ্যে শতাধিক ফাঁসি ও তিন শতাধিক যাবজ্জীবন দণ্ড পাওয়া আসামি।

কারাগারে ঈদের তিনটি জামাত অনুষ্ঠিত হয়েছে। বন্দিদের অংশগ্রহণে ক্রিকেট ম্যাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের অয়োজন করা হয়। এখানে দেড় শতাধিক বন্দির মধ্যে টি-শার্ট, ট্রাউজার ও পায়জামা বিতরণ করা হয়েছে। এ কারাগারে ‘ছাগলকাণ্ডে’ আলোচিত মো. মতিউর রহমান রয়েছেন।

এ কারাগারে ঈদের দিন সকালে পায়েস ও মুড়ি; দুপুরে মাংস, পোলাও, মুরগির রোস্ট, পান-সুপারি, সালাদ, মিষ্টি ও কোমল পানীয় এবং রাতে সাদা ভাত, আলুর দম ও রুই মাছ দেওয়া হয়।

কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের জেলার শিরিন আক্তার বলেন, সেখানে ৬১৬ বন্দি রয়েছেন। কারাগারে ডে-কেয়ার সেন্টারে বন্দিরে সঙ্গে ৪৮ জন শিশু রয়েছে। ফাঁসির আসামি ৩৭ জন এবং যাবজ্জীবন দণ্ড পাওয়া ৬১ জন আসামি রয়েছেন।

এ কারাগারে উল্লেখযোগ্য বন্দিদের মধ্যে নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভি, সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম, সাবিনা আক্তার তুহিনসহ সাতজন ডিভিশনপ্রাপ্ত বন্দি রয়েছেন। 

সব নারী বন্দিদের লিপস্টিক, নেইল পলিশ, টিপ ও মেহেদী দেওয়া হয়েছে। এ ছাড়া অসহায় ১০ নারী বন্দিকে থ্রি পিস ও শাড়ি এবং অসহায় নারী বন্দির শিশুদের জামা দেওয়া হয়েছে।

এ ছাড়া শিশুদের কেক, মিষ্টি, চিপস, চকলেট ও বিশেষ খাবারের পাশাপাশি নতুন জামা দেওয়া হয়েছে বলে জানান জেলার শিরিন আক্তার। 

তিনি বলেন, ঈদ উপলক্ষে এ কারাগারে খাবারের তালিকায় সকালে ছিল পায়েস ও মুড়ি; দুপুরে মাংস, মুরগির রোস্ট, পোলাও, কোমল পানীয়, পান-সুপারি, সালাদ ও মিষ্টি এবং রাতে সাদা ভাত, আলুর দম ও রুইমাছ দেওয়া হয়েছে। বন্দিদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।