১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মাগুরায় বাড়িতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের

স্ত্রী ও সন্তানকে উদ্ধার করতে গিয়ে বিদ্যুতায়িত তারের সংস্পর্শে এসে তিনিও গুরুতর আহত হন।

মাগুরায় বাড়িতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের
অপূর্ব বিশ্বাস।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2026, 04:16 PM

Updated : 11 Sep 2026, 03:42 PM

মাগুরার শালিখায় বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।  

বুধবার ভোরে উপজেলার আড়পাড়া ইউনিয়নের পুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন শালিখা থানার ওসি আশিকুর রহমান। 

নিহত অপূর্ব বিশ্বাস (৩২) পুকুরিয়া গ্রামের মৃত অমল বিশ্বাসের ছেলে।

স্বজন ও স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সকাল ৬টার দিকে অপূর্বর স্ত্রী দীপা বিশ্বাস দেড় বছরের শিশু সন্তানকে কোলে নিয়ে বাড়ির আড়ার সঙ্গে বাধা একটি জিআই তারে কাপড় শুকাতে যান। তবে তারটি বিদ্যুতায়িত থাকায় তিনি শিশুসহ ছিটকে পড়েন। 

এ সময় স্ত্রীর চিৎকার শুনে ঘুম থেকে উঠে ছুটে আসেন অপূর্ব বিশ্বাস। স্ত্রী ও সন্তানকে উদ্ধার করতে গিয়ে বিদ্যুতায়িত তারের সংস্পর্শে এসে তিনিও গুরুতর আহত হন।

পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শালিখা থানার ওসি আশিকুর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে। আড়ায় বাধা তারটি কিভাবে বিদ্যুতায়িত হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।