১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সড়কে সাবেক সেনাসদস্য নিহতের ঘটনায় ট্রাকচালক গ্রেপ্তার

১৪ জানুয়ারি সকালে ট্রাক চাপায় নিহত হয়েছিলেন সাবেক সেনা সদস্য মো. নজরুল ইসলাম।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2026, 05:58 PM

Updated : 26 Aug 2026, 02:57 PM

কুড়িগ্রামে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক সাবেক সেনাসদস্য নিহতের ঘটনায় ট্রাক চালককে গ্রেপ্তার করেছে র‍্যাব। 

রোববার রাতে অভিযান চালিয়ে লালমনিরহাট থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র‍্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামি। 

গ্রেপ্তার হাবিবুর রহমান রংপুরের পীরগাছা উপজেলার নুরুজ্জামান মিয়ার ছেলে।

এর আগে ১৪ জানুয়ারি সকালে ট্রাক চাপায় নিহত হয়েছিলেন সাবেক সেনা সদস্য মো. নজরুল ইসলাম। এ ঘটনায় নিহতের ভাই মো. এনামুল হক বাদী হয়ে সড়ক পরিবহন আইনে কুড়িগ্রাম সদর থানায় হত্যা মামলা করেন।

মামলার এজাহারে বলা হয়, নজরুল ইসলাম মোটরসাইকেল নিয়ে নিজ বাড়ি থেকে কুড়িগ্রাম শহর যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিলেন। 

তিনি কুড়িগ্রাম পৌরসভার তারামন বিবি চৌরাস্তা এলাকায় পৌঁছালে নাগেশ্বরী থেকে কুড়িগ্রামগামী পাথরবোঝাই একটি ট্রাক দ্রুত ও বেপরোয়া গতিতে তার মোটরসাইকেলের পেছনে সজোরে ধাক্কা দেয়। 

এতে ট্রাকের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হন নজরুল ইসলাম।

সোমবার দুপুরে র‍্যাব-১৩ এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুর্ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়টির গুরুত্ব বিবেচনায় নিয়ে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‍্যাব গোয়েন্দা তৎপরতা জোরদার করে এবং আসামি গ্রেপ্তারে অভিযান শুরু করে। 

পরে সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩, সদর কোম্পানি, রংপুর-এর একটি চৌকস আভিযানিক দল অভিযানে নেমে ট্রাক চালককে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

র‍্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামি বলেন, এ ধরনের সহিংস ও বেপরোয়া কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ।