৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

ফরিদপুরে হামের উপসর্গ নিয়ে ৪ মাস বয়সি শিশুর মৃত্যু

এ নিয়ে জেলায় হাম বা হামের উপসর্গ নিয়ে মৃত শিশুর সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2026, 12:57 PM

Updated : 11 Sep 2026, 03:19 PM

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় হাম বা হামের উপসর্গ নিয়ে মৃত শিশুর সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে।

৪ মাস বয়সি রাফসানা ফরিদপুর সদর উপজেলার আলিপুর এলাকার রুবেল হোসেনের মেয়ে বলে জানিয়েছেন ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান। 

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে নতুন করে ৪৫ জন রোগী ভর্তি হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৩ জন রোগী। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ১৩৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

এর আগে ঈদের পরের দিনও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছিল।

এদিকে হামের সংক্রমণ নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগ সচেতনতামূলক কার্যক্রম জোরদার করেছে। শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করা এবং হামের উপসর্গ দেখা দিলে দ্রুত কাছের স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে।

সিভিল সার্জন মাহমুদুল হাসান বলেন, “হাম একটি প্রতিরোধযোগ্য রোগ। শিশুদের সময়মতো টিকা দিলে এ রোগের ঝুঁকি অনেকাংশে কমে যায়। আমরা আক্রান্তদের চিকিৎসা এবং সংক্রমণ নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।”