ষড়যন্ত্র কিন্তু চলমান, নাটোরে আদিলুর
নাটোরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠান শেষে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
ফ্যাসিবাদী শক্তি এখনও নানা ‘ষড়যন্ত্র’ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।
তিনি বলেছেন, “ফ্যাসিবাদ পরাজিত হয়েছে বলে, কেউ যেন মনে না করেন, তারা আর ষড়যন্ত্র করবে না। ষড়যন্ত্রও কিন্তু চলমান। ফ্যাসিবাদ বারবার ফিরে আসার চেষ্টা করে, তাকে দমন করতে হয়, প্রতিহত করতে হয়।
“বাংলাদেশের তরুণ-যুবক ও জনগণ সেই ফ্যাসিবাদকে দমন করবে এবং প্রতিহত করবে। বাংলাদেশ যে লক্ষ্যে ৫ অগাস্ট ঘুরে দাঁড়িয়েছিল, সেই লক্ষ্য বজায় থাকবে।”
শনিবার সকাল ১০টায় নাটোর শহরের ভবানিগঞ্জ এলাকায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠান শেষে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
আদিলুর রহমান বলেন, “সাড়ে ১৫ বছরের ফ্যাসিবাদী শাসন হচ্ছে, গুম-খুন, আয়নাঘর, মানুষের অধিকার কেড়ে নেওয়া, দমন-পীড়ন। সেখান থেকে একঝাঁক তরুণ জাতিকে মুক্তির পথ দেখিয়েছিলেন। সারাদেশের মানুষ তাদের পেছনে এসে দাঁড়িয়েছিলেন। জুলাইয়ের ৩৬ দিনের পর বাংলাদেশ স্বাধীন হয়েছে। কিন্তু সমস্ত আকাঙ্ক্ষা এখনও বাস্তবায়িত হয় নাই। আমাদের সামনে বিচার ও সংস্কারের কাজ এখনও বাকি আছে।
“বিচারকে দৃশ্যমান করার প্রক্রিয়া চলছে এবং আপনারা দেখছেন দৃশ্যমান হয়ে ওঠছে। সংস্কারও আমরা এগিয়ে নিয়ে যেতে চাচ্ছি। কিন্তু এর মধ্যে যে আমাদের তৃতীয় কাজ নির্বাচন, সেটারও ঘোষণা এসেছে। আমরা চেষ্টা করছি, আমাদের দায়িত্ব যতদূর সম্ভব বাস্তবায়নের। কারণ, এটা শুধু একটা সরকার নয়, গণঅভ্যূথানের সরকার।”
উপদেষ্টা আদিলুর বলেন, “জুলাই জাদুঘরে সব অন্যায়ের স্মৃতি ও চিহ্নগুলোকে সংরক্ষণ করা হবে। শহীদের স্মৃতি ধরে রাখতে স্মৃতিস্তম্ভের পাশাপাশি জুলাই জাদুঘরও এর অংশ। শহীদদের স্মৃতি ধরে রাখার জন্য তাদের কবরগুলো বাঁধানোর চেষ্টা করা হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হয়েছে, যাদের বাকি আছে সেটাও সম্পূর্ণ করার চেষ্টা করা হচ্ছে। জুলাই যোদ্ধারা সূর্যসন্তান, তাদের জাতি সারাজীবন মনে রাখবে।”
অনুষ্ঠানে অন্যদের মধ্যে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সচিব, মো. নজরুল ইসলাম, নাটোর জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম এবং জুলাই শহীদ পরিবারের সদস্যরা বক্তব্য দেন।
