১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

রাজশাহীতে সার মজুদ করায় ডিলারের কারাদণ্ড

সার মজুদ ও বিক্রির বিষয়ে সোলাইমান পাটোয়ারীকে গত দুই মাসে তিনবার সতর্ক করা হয়েছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 09 Sep 2026, 09:56 AM

Updated : 17 Sep 2026, 02:57 AM

রাজশাহীর গোদাগাড়ীতে ৫০০ বস্তা সার মজুদ রাখার অভিযোগে এক সার ডিলারকে এক মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে গোদাগাড়ী পৌরসভা এলাকায় তার গোডাউন থেকে ২০০ বস্তা এমওপি ও ৩০০ বস্তা টিএসপি সার উদ্ধার করা হয় বলে জানিয়েছেন উপজেলা কৃষি অফিসার মরিয়ম আহমেদ। 

দণ্ডপ্রাপ্ত সোলাইমান পাটোয়ারী বিসিআইসি ও বিএডিসির সার ডিলার।

উপজেলা কৃষি অফিসার মরিয়ম আহমেদ বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান এ অভিযান পরিচালনা করেন। অভিযানে ডাইংপাড়ায় মেসার্স কৃষি ঘরের গোডাউনে বিপুল পরিমাণ সার মজুদ দেখতে পান ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা।

এতে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১২ ধারায় গোডাউনের মালিক সোলাইমান পাটোয়ারীকে এক মাসের সশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। পরে তাকে থানা হেফাজতে নেওয়া হয় এবং বুধবার কারাগারে পাঠানো হবে।

তিনি আরও বলেন, সার মজুদ ও বিক্রির বিষয়ে সোলাইমান পাটোয়ারীকে গত দুই মাসে তিনবার সতর্ক করা হয়েছিল। এরপরও নিয়ম না মেনে বিপুল সার গোডাউনে মজুদ রাখার অভিযোগে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। 

উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান বলেন, কৃষকদের চাহিদা অনুযায়ী সার সরবরাহ নিশ্চিত করতে ডিলারদের গুদাম ও বিক্রয়কেন্দ্রে অভিযান ও তদারকি অব্যাহত থাকবে। কেউ অবৈধভাবে সার মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি বা কৃষকদের হয়রানি করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।