Published : 29 Jul 2026, 08:56 PM
মারামারির রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশে জাতীয় পার্টি-বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে সংসদ সদস্য বলেন, “মারামারির রাজনৈতিক সংস্কৃতি থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে। রাজনীতিতে আমাদের অশালীন বক্তব্য দেওয়া উচিত নয়। এগুলো মাথায় রাখা উচিত এবং ধৈর্য রাখা উচিত।”
বুধবার বিকালে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের লঞ্চঘাট সংলগ্ন সিসি ব্লক ধস এলাকা পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি।
গত ১৭ বছরের তুলনায় বর্তমান সরকারকে সবদিক থেকে ভালো দেখার কথা বলেছেন পার্থ। তিনি বলেন, “পত্রিকার পাতায় কোনো গুম, খুন ও ব্যাংক লুট, অদৃশ্য মামলা ও হয়রানির খবর নেই।
“ভোলাতে, আমার এখানে কেউ বলতে পারবে না সাড়ে চার মাসে প্রতিপক্ষের বিরুদ্ধে কোনো হয়রানিমূলক মামলা, চাপ সৃষ্টি এবং দুর্নীতি করা হয়েছে। সুতরাং আমি মনে করি, আগের যেকোনো সময়ের চেয়ে বর্তমান সময়কে আপনি কোনোভাবেই তুলনা করতে পারবেন না।”
সরকার দুর্নীতির বিরুদ্ধে কাজ করছে জানিয়েছে ভোলা-১ আসনের সংসদ সদস্য বলেন, “বর্তমান সরকারের আমলে রাষ্ট্রীয় মদদে কোনো দুর্নীতি, গুম, খুন হয়নি। ইনশাআল্লাহ, এগুলো আমাদের দ্বারা হবেও না।”
শেষে নদী ভাঙন রোধসহ ভোলার সার্বিক উন্নয়নে সরকার কাজ করছে বলেও জানান বিএনপি জোটের নেতা পার্থ।
এ সময় ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজল কুমার দাস, বিজেপি ভোলা জেলা সভাপতি আমিনুল ইসলাম রতন এবং সাধারণ সম্পাদক মোতাছিন বিল্লাহ উপস্থিত ছিলেন।