এইচএসসি: চাঁদপুরে অসদুপায়ের দায়ে ৭ পরীক্ষার্থী বহিষ্কার, ৫ শিক্ষককে অব্যাহতি
অবহেলার অভিযোগে পাঁচ কক্ষ পরিদর্শককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় এইচএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে সাত পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। সেইসঙ্গে অবহেলার অভিযোগে পাঁচ শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
বুধবার ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা চলাকালে উপজেলার সুজাতপুর ডিগ্রি কলেজ কেন্দ্রে এ ব্যবস্থা নেওয়া হয় বলে জানিয়েছেন মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি।
সুজাতপুর ডিগ্রি কলেজ কেন্দ্রের কেন্দ্র সচিব মাসুদ পারভেজ বলেন, বহিষ্কৃত পরীক্ষার্থীদের মধ্যে নাউরী আদর্শ কলেজের ছয়জন অনিয়মিত ছাত্র-ছাত্রী এবং নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজের একজন নিয়মিত ছাত্রী রয়েছেন। তারা শার্টের ভেতরে নকল লিখে কেন্দ্রে প্রবেশ করেছিলেন।
কুমিল্লা শিক্ষা বোর্ডের একটি প্রতিনিধি দল পরীক্ষা হল পরিদর্শনের সময় তাদের হাতেনাতে নকলসহ আটক করে বহিষ্কারের নির্দেশ দেন। সেইসঙ্গে পরীক্ষার্থীদের অসদুপায় অবলম্বনে সহায়তা ও দায়িত্বে অবহেলার কারণে পাঁচ কক্ষ পরিদর্শককে মৌখিকভাবে পরীক্ষার সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
পরীক্ষার শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রাখতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে বলে জানান ইউএনও মাহমুদা কুলসুম মনি।
