২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

নির্বাচন না হলে আন্দোলন-সংগ্রাম বৃথা হয়ে যাবে: এ্যানি

“একটি সুদৃঢ় ঐক্য সব কালো থাবা ও অদৃশ্য শক্তিকে রুখে দিতে পারে। সেজন্য আমাদের মধ্যে একটি কঠিন ঐক্য প্রয়োজন।”

নির্বাচন না হলে আন্দোলন-সংগ্রাম বৃথা হয়ে যাবে: এ্যানি
লক্ষ্মীপুর জেলা আউটার স্টেডিয়ামে আয়োজিত এক সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বক্তব্য দেন।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2025, 09:41 PM

Updated : 26 Aug 2026, 11:52 AM

কোনো অদৃশ্য শক্তির কারণে যদি নির্বাচন না হয় তাহলে এই আন্দোলন-সংগ্রাম বৃথা যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

তিনি বলেন, “গত বছরের ৫ অগাস্টের পর একটি অদৃশ্য শক্তি আমরা দেখছি। এ অদৃশ্য শক্তি দিনের আলোতে আমাদেরকে হত্যা এবং থাবা মারতে চায়। যদি এ অদৃশ্য শক্তির কারণে নির্বাচন না হয়, তাহলে আমরা যার জন্য আন্দোলন-সংগ্রাম করেছি, সবকিছু বৃথা যাবে। জনগণের যে লক্ষ্য নিয়ে আমরা ১৬-১৭ বছর লড়াই-সংগ্রাম করেছি, সর্বশেষ জুলাই আন্দোলন, সবকিছু কিন্তু শেষ হয়ে যাবে।” 

বৃহস্পতিবার সন্ধ্যায় লক্ষ্মীপুর জেলা আউটার স্টেডিয়ামে আয়োজিত বিএনপির সমাবেশে তিনি এসব কথা বলেন। 

নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন জনদাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।

এ্যানি বলেন, “একটি সুদৃঢ় ঐক্য সব কালো থাবা ও অদৃশ্য শক্তিকে রুখে দিতে পারে। সেজন্য আমাদের মধ্যে একটি কঠিন ঐক্য প্রয়োজন। এই ঐক্যের মূল পয়েন্টে আছেন তারেক রহমান।

“তিনি আমাদের দেশবাসীকে একত্রিত করেছেন বিগত দিনে আন্দোলন সংগ্রাম করার জন্য। আমাদেরকে অত্যন্ত সুদৃঢ়ভাবে ইস্পাত কঠিন ঐক্যের মধ্য দিয়ে লক্ষ্যে পৌঁছাতে হবে।” 

জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু ও যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভুঁইয়া, বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামিম, সহ-সাংগঠনিক সম্পাদক ভিপি হারুনুর রশীদ, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজান, সদস্য নাজিম উদ্দিন আহমেদ ও যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না।