১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কক্সবাজারে ‘চোরাকারবারি’দের ফেলে যাওয়া প্রায় ৩ লাখ ইয়াবা জব্দ

“পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারিদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তার করার জন্য গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।”

টেকনাফ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2025, 04:09 PM

Updated : 26 Aug 2026, 02:16 PM

কক্সবাজারের উখিয়া সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-র অবস্থান টের পেয়ে মিয়ানমারের দিকে পালিয়ে গেছে কয়েকজন ‘চোরাকারবারি’। তাদের ফেলে যাওয়া প্রায় তিন লাখ ইয়াবা জব্দ করেছে বিজিবি। 

মঙ্গলবার রাতে উখিয়ার বালুখালী সীমান্তের পিলার বিডি-২১ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে বুধবার দুপুরে জানিয়েছেন ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন।

তিনি বলেন, মঙ্গলবার রাতে ছয়-সাতজন চিহ্নিত মাদক চোরাকারবারিসহ মিয়ানমার থেকে আসা ১০-১২ জন ব্যক্তি বালুখালীর সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে। 

এ সময় চোরাকারবারিরা দেশীয় অস্ত্র ও লাঠিসোটা প্রদর্শন করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। কিন্তু বিজিবির প্রতিরোধে তাতে ব্যর্থ হয়ে খালে ঝাঁপিয়ে পড়ে তারা সাঁতার কেটে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।

“পরে তল্লাশি চালিয়ে খালের পাড়ে সাদা পলিথিনে মোড়ানো দুটি প্যাকেট উদ্ধার করা হয়। যার ভেতরে ২ লাখ ৮০ হাজার ইয়াবা পাওয়া যায়। পরবর্তীতে রাতভর চোরাকারবারিদের গ্রেপ্তার করার জন্য চিরুনি অভিযান পরিচালনা করা হলেও খুঁজে পাওয়া যায়নি।”

লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, “পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারিদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তার করার জন্য গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। আর জব্দকৃত ইয়াবা উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।”

তিনি আরও জানান, “বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সবসময় কঠোর অবস্থান নিয়ে কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”