০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

কক্সবাজারে বিএনপি নেতার বাড়ি থেকে ১২ মুখপোড়া হনুমান উদ্ধার

বিকালে হনুমানগুলো শাপলাপুর বনবিটের আওতাধীন বলে অবমুক্ত করা হয়েছে বলে জানান রেঞ্জ কর্মকর্তা।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2024, 12:17 AM

Updated : 10 Sep 2026, 12:22 PM

কক্সবাজারের মহেশখালী উপজেলার এক বিএনপি নেতার পরিত্যক্ত বাড়ি থেকে ১২টি মুখপোড়া হনুমান উদ্ধার করা হয়েছে; যেগুলো পাচারে উদ্দেশে সেখানে জড়ো করা হয়েছিল বলে দাবি বন বিভাগের।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার শাপলাপুর ইউনিয়নের বারিয়াপাড়ায় অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয় বলে জানান বন বিভাগের মহেশখালী রেঞ্জ কর্মকর্তা এস এম এনামুল হক।

অভিযানের সময় পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার করা হনুমানগুলোর মধ্যে পাঁচটি বাচ্চা এবং সাতটি প্রাপ্ত বয়স্ক।

এনামুল হক বলেন, “শাপলাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের পরিত্যক্ত ঘরে ১২টি মুখপোড়া হনুমান খাঁচায় বন্দি অবস্থায় রয়েছে, এমন খবর পায় বন বিভাগের লোকজন।

“পরে বিষয়টি উপজেলা প্রশাসন ও পুলিশকে অবহিত করে বনবিভাগের একটি দল ঘটনাস্থলে যায়। তবে বন বিভাগের লোকজনের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।”

পরে পরিত্যক্ত একটি ঘর থেকে খাঁচায় বন্দি অবস্থায় বিভিন্ন বয়সী ১২টি মুখপোড়া হনুমান পাওয়া যায় বলে জানান তিনি।

তিনি বলেন, পাচারকারীরা মহেশখালীর প্রাকৃতিক বনে ফাঁদে পেতে এসব হনুমান শিকার করেছে বলে ধারণা করা হচ্ছে।

এনামুল হক বলেন, “ঘরটির মালিক আমিনুল ইসলাম জানিয়েছেন, ‘তিনি পরিবার নিয়ে কক্সবাজার শহরে বসবাস করেন। ঘরটির মালিক তিনি হলেও, সেটি আর ব্যবহার করেন না। ঘরটিতে কেউ না থাকা সুযোগ নিয়েছে পাচারকারীরা’।”

উদ্ধার করা হনুমানগুলো বিকালে শাপলাপুর বনবিটের আওতাধীন বনে অবমুক্ত করা হয়েছে বলে জানান রেঞ্জ কর্মকর্তা।