১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রাজশাহীতে অনিন্দ্যর বাড়ির সামনের পুকুরে মেলেনি অস্ত্র

‘ডক্টর ইংলিশ’ নামের প্রতিষ্ঠান ঘিরে অভিযান চালিয়ে বেশ কিছু অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে।

রাজশাহীতে অনিন্দ্যর বাড়ির সামনের পুকুরে মেলেনি অস্ত্র
রাজশাহী নগরীর কাদিরগঞ্জ এলাকার এই পুকুরে অস্ত্রের খোঁজে তল্লাশি চালিয়েছে যৌথ বাহিনী।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2025, 06:44 PM

Updated : 26 Aug 2026, 01:35 PM

রাজশাহী নগরীর কাদিরগঞ্জ এলাকার একটি বাড়ি থেকে অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধারের পর বাড়ি সংলগ্ন পুকুরেও তল্লাশি চালিয়েছে যৌথ বাহিনী। তবে সেখানে আর কোনো অস্ত্র-গোলাবারুদ পাওয়া যায়নি। 

শনিবার বিকাল ৪টার দিকে অভিযানের সমাপ্তি ঘোষণার সময় পুকুরে আর কোনো অস্ত্র গোলাবারুদ না পাওয়ার কথা জানিয়েছেন রাজশাহী মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। 

এর আগে শুক্রবার গভীর রাত থেকে ওই এলাকার ‘ডক্টর ইংলিশ’ নামের প্রতিষ্ঠান ঘিরে অভিযান শুরু করে সেনাবাহিনী ও রাজশাহী মহানগর পুলিশ।

পরে শনিবার দুপুরে রাজশাহী সেনা ক্যাম্প, ৪০ ইস্ট বেঙ্গল (মেকানাইজড) এর পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

তারা হলেন- ‘ডক্টর ইংলিশ’ প্রতিষ্ঠানটির সত্ত্বাধিকারী মুনতাসিরুল আলম অনিন্দ্য, মো. রবিন ও মো. ফয়সাল।

সেনাবাহিনীর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভিযানে ‘ডক্টরস ইংলিশ’ নামের প্রতিষ্ঠান থেকে বেশ কিছু অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

তার মধ্যে রয়েছে- তিনটি আগ্নেয়াস্ত্র ও গুলি, সামরিক মানের দূরবীন ও স্নাইপার স্কোপ, ছয়টি দেশীয় অস্ত্র, সাতটি বিদেশি ধারালো ডেগার, পাঁচটি উন্নতমানের ওয়াকিটকি সেট, একটি সামরিক মানের জিপিএস, একটি টিজার গান, দেশি-বিদেশি কার্টিজ, বিপুল অব্যবহৃত সিমকার্ড, বিস্ফোরক বানানোর সরঞ্জামাদি, ছয়টি কম্পিউটার, বিদেশি মদ, নগদ ৭৪৪৫ টাকা এবং ১১টি নাইট্রোজেন কার্টিজ।

নাইট্রোজেন কার্টিজগুলো বিস্ফোরকের কাজে ব্যবহৃত তারা সামগ্রী হওয়ায় সেগুলো এরই মধ্যে বোম্ব ডিসপোজাল ইউনিট নিষ্ক্রিয় করেছে বলেও সেনাবাহিনীর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

পুলিশ জানিয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী অনিন্দ্য (৩৫) মহানগর বিএনপির সাবেক সহসভাপতি শফিউল আলম লাটকুর ছেলে।

‘ডক্টর ইংলিশ’ প্রতিষ্ঠানটি যে জায়গায় অবস্থিত সেটি রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটনের পৈত্রিক বাড়ি। অনিন্দ্য সাবেক মেয়রের আপন চাচাত ভাই।

অনিন্দ্য হলি আর্টিজান হত্যাকাণ্ডের পর ‘জঙ্গি সন্দেহে’ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক এ এফএম রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছিলেন।

পরে দুপুরে অনিন্দ্যর বাড়ির সামনের পুকুরে অস্ত্রের খোঁজে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুজন ডুবুরি তল্লাশি শুরু করে বলে জানিয়েছিলেন রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গাজিউর রহমান। 

পরে রাজশাহী মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান বলেন,  আটক তিনজনকে বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। 

তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হয়েছে এবং গ্রেপ্তার দেখানো হয়েছে। আদালতের মাধ্যমে রিমান্ডে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হবেও জানান  এই পুলিশ কর্মকর্তা। 

আগের সংবাদ

রাজশাহীতে অনিন্দ্যর বাড়ির সামনের পুকুরে অস্ত্রের খোঁজে তল্লাশি

রাজশাহীতে সেই অনিন্দ্য আটক, অস্ত্র-বিস্ফোরক উদ্ধার

রাজশাহীতে সেই অনিন্দ্য আটক, অস্ত্র-বিস্ফোরক উদ্ধার

রাবি শিক্ষক হত্যায় গ্রেপ্তার অনিন্দ্য ফের রিমান্ডে