Published : 05 Mar 2026, 11:46 PM
ঢাকার ধামরাই উপজেলায় কভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী পুলিশের এক কনস্টেবলসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় কভার্ড ভান জব্দসহ চালককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকালে উপজেলার কালামপুর-সাটুরিয়া আঞ্চলিক সড়কের বাটুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ধামরাই থানার এসআই সুজিত কুমার মৃধা।
নিহত পুলিশ কনস্টেবল তারেক হোসেন মল্লিক (৩৭) উপজেলার চৌহাট ইউনিয়নের রাজাপুর গ্রামের সামছুল হক মল্লিকের ছেলে। অপর নিহত আব্দুল কুদ্দুস (৬৫) কুশুরা ইউনিয়নের সিংশ্রী গ্রামের প্রয়াত সাইদুর রহমানের ছেলে।
আটক কভার্ড ভ্যান চালকের নাম শাহীন হাওলাদার (৩৫)। এ ছাড়া তার পরিচয় জানাতে পারেনি পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাজধানীর পুলিশ হেডকোয়াটার্সে কর্মরত কনস্টেবল মল্লিক মোটরসাইকেল চালিয়ে ঢাকা থেকে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। পথে একটি বাইসাইকেলের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়।
এতে মল্লিক ও বাইসাইকেলের চালক কুদ্দুস সড়কে ছিটকে পড়লে বিপরীত দিক থেকে আসা সিমেন্টবোঝাই একটি কভার্ড ভ্যান তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই পুলিশ কনস্টেবল মল্লিক মারা যান।
গুরুতর অবস্থায় কুদ্দুসকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
খরব পেয়ে ঘটনাস্থল ও হাসপাতাল থেকে মৃতদেহ দুটি উদ্ধার করে পুলিশ। এ ছাড়া কভার্ড ভ্যান জব্দের পাশাপাশি চালক শাহীনকে আটক করা হয়।
এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন এসআই সুজিত কুমার মৃধা।