১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এবার ভোটটা কঠিন, এক অদৃশ্য শক্তির বিরুদ্ধে: এ্যানি

খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার প্রয়োজন না হলে তারেক রহমান খুব দ্রুত দেশে ফিরবেন বলে জানিয়েছেন তিনি।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2025, 01:23 PM

Updated : 26 Aug 2026, 05:17 PM

আসন্ন নির্বাচনকে ‘অদৃশ্য শক্তির বিরুদ্ধে কঠিন লড়াই’ আখ্যা দিয়ে বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, আওয়ামী লীগ মাঠ ছেড়ে পালিয়েছে, কিন্তু জনগণকে সঙ্গে নিয়ে তারেক রহমান লড়াই চালিয়ে যাবেন।

বুধবার দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বেঁড়ির মাথা এলাকায় অভি উল্যাহ ভূঁইয়ার বাড়ির সামনে উঠান বৈঠকে এ কথা বলেন তিনি।

এ্যানি বলেন, “এবার ভোটটা কঠিন, একটি অদৃশ্য শক্তির বিরুদ্ধে। কারণ আওয়ামী লীগতো পালিয়ে গেছে। অত্যাচার নির্যাতন করে ভোট করার অবস্থা তারা রাখেনি। দেশে ভোট হবে। অনেক রাজনৈতিক দল ভোট করবে।

“তারা কি বলছে, আর বিএনপি কি বলছে। জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মতো, আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে আপনাদের পাশে থেকে যে কাজটা করবে মা-বোনদের সামনে থেকে তা বুঝিয়ে দেওয়া।”

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার প্রয়োজন না হলে তারেক রহমান খুব দ্রুত দেশে ফিরবেন বলেও মন্তব্য করেছেন লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে ধানের শীষের এই প্রার্থী।

এ্যানি বলেন, “তারেক রহমান দেশের বাহিরে আছেন। আমরা তার অপেক্ষায় আছি। বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন। খালেদা জিয়াকে যদি দেশের বাইরে আবার নিতে হয়, লন্ডন গিয়ে চিকিৎসা নিতে হলে, সেখানে ছেলেকে থাকতে হবে।

“আর যদি বিদেশে নেওয়ার পরিস্থিতি না হয়, তাহলে তারেক রহমান খুব দ্রুত চলে আসবেন। হয়তোবা দুই-চার দশ দিনের মধ্যে তিনি চলে আসবেন।” 

লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, বিএনপি নেতা নাসির উদ্দিন, জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার ও সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার সুমি ভূঁইয়া এ সময় উপস্থিত ছিলেন।