Published : 08 Mar 2026, 11:41 AM
মাদারীপুরের রাজৈর উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা দেওয়ার পর অপর আরেক ট্রাকের চালকের ছেলের প্রাণ গেছে।
ঢাকা-বরিশাল মহাসড়কের আলমদস্তার শিকদারবাড়ি জামে মসজিদ সংলগ্ন এলাকায় এ রোববার ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে রাজৈর থানার ওসি শেখ মো আমিনুল ইসলাম জানিয়েছেন।
নিহত ১৮ বছর বয়সী ইসমাইল হোসেন নোয়াখালী জেলার চর জব্বার থানার সূর্বণচর এলাকার বাসিন্দা রাসেল হোসেনের ছেলে।
দুর্ঘটনার পর কিছু সময় ঢাকা-বরিশাল মহাসড়কের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে মস্তফাপুর হাইওয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে গাড়ি চলাচল আবার স্বাভাবিক হয়।
স্থানীয়দের বরাতে ওসি আমিনুল ইসলাম বলেন, “কাঠের গুঁড়ি বোঝাই একটি ট্রাক আলমদস্তার শিকদারবাড়ি জামে মসজিদ সংলগ্ন এলাকায় দাঁঢ়িয়ে ছিল। গ্যাস সিলিন্ডার বোঝাই আরেকটি বেপরোয়া ট্রাক গিয়ে দাঁড়িয়ে থাকা ওই ট্রাকে সজোরে ধাক্কা দেয়।
“এতে কাঠের গুঁড়ি বোঝাই ট্রাকটি সড়কের পাশের খাদে পড়ে যায় এবং চালক রাসেলের ছেলে ইসমাইল ঘটনাস্থলেই নিহত হয়।”
রাসেলকে আহত অবস্থায় উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপক্সে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।