১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মানিকগঞ্জে মাদক ব্যবসা-চাঁদাবাজির অভিযোগে ৫ জন কারাগারে

ঝিটকা বালিকা বিদ্যালয়ের সামনে কলেজ শিক্ষার্থীদের মারধর ও চাঁদা দাবির অভিযোগে আটক করা হয় দুইজনকে।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2026, 12:41 PM

Updated : 26 Aug 2026, 03:33 PM

মানিকগঞ্জে পৃথক অভিযানে মাদক ব্যবসা-চাঁদাবাজির পাঁচজনকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

মানিকগঞ্জ সদর ও হরিরামপুর থানা এলাকায় চালানো তিন অভিযানে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ মানবেন্দ্র বালো।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে মানিকগঞ্জ সদরের পাচ বারাইল এলাকার গোপাল রাজবংশীর ছেলে সঞ্জয় রাজবংশী এবং একই এলাকার আব্দুর রহিমের ছেলে মো. মিলন মিয়া (২৮)কে ১৫ গ্রাম হিরোইনসহ আটক করা হয়েছে।

মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার সকালে তাদের আদালতে পাঠানো হয়।

এদিকে হরিরামপুর থানা ওসি মুহাম্মদ আফজাল হোসেন বলেন, হরিরামপুর উপজেলার ঝিটকা বালিকা বিদ্যালয়ের সামনে কলেজ শিক্ষার্থীদের মারধর ও চাঁদা দাবির অভিযোগে দুইজনকে আটক করা হয়।

তারা হলেন, বাসুদেবপুর এলাকার রমজান মোল্লার ছেলে রাফিত মোল্লা (২১) এবং দক্ষিণ গোড়াইল এলাকার সাঈদের ছেলে মো. আসিফ (২৫)।

তাদের বিরুদ্ধে শিক্ষার্থীদের আটকে রেখে মারধর করে ৪২০০ টাকা নেওয়ার অভিযোগ আছে। পরে সোমবার দুপুরে তাদের আদালতে হাজির করা হয়।

এছাড়া আন্ধারমানিক গ্রাম থেকে ফরিদকে ২০টি ইয়াবাসহ আটক করা হয় বলেও জানান তিনি।

জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ মানবেন্দ্র বালো বলেন, আটক পাঁচজনকে সংশ্লিষ্ট আইনে করা মামলায় আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।