Published : 28 Jun 2025, 09:54 PM
সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে আনা প্রায় সাড়ে সাত কোটি টাকার মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।
শনিবার বিকালে নিজ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিলেট-৪৮ বিজিবি ব্যাটালিয়ন সদরে সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম।
বিজিবি জানায়, শুক্রবার গোপন খবর পেয়ে বিজিবি সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী তামাবিল, সংগ্রাম, দমদমিয়া, বিছনাকান্দি, উৎমা, বাংলাবাজার, সোনালীচেলা, পান্থুমাই ও মিনাটিলা এলাকায় অভিযান চালায়।
অভিযানে বিপুল ভারতীয় সানগ্লাস, ক্লপ জি ক্রিম, গরু, সুপারি, কম্বল, চকলেট, আইবল ক্যান্ডি, জুস, মদ এবং পাথর উত্তোলন করা নৌকা জব্দ করা হয় বলে জানায় বিজিবি।
এ ছাড়া বিজিবি ও সেনাবাহিনীর যৌথ অভিযানে রাধানগর ও জাফলং সীমান্ত এলাকার বিভিন্ন গোডাউন থেকে ট্রাকে করে বিপুল ভারতীয় শাড়ি এবং কসমেটিকস নিয়ে যাওয়ার পথে জব্দ করা হয়।
জব্দ করা মালামালের আনুমানিক মূল্য সাড়ে সাত কোটি টাকা বলে জানান কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী।
তিনি বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে বিপুল মালামাল জব্দ করা হয়েছে।