Published : 25 Jun 2026, 01:00 PM
ফরিদপুরের সালথা উপজেলার একটি সড়ক থেকে কুপিয়ে হত্যা করা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে উপজেলার যদুনন্দী মৌজার একটি সড়কে তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয় বলে জানিয়েছেন নগরকান্দা-সালথা সার্কেলের সহকারী পুলিশ সুপার আল ফাহাদ।
নিহত পান্নু ফকির ওরফে জামু রহমান ফকির (৩৮) উপজেলার কুমারকান্দা গ্রামের বাসিন্দা।
স্থানীয়দের বরাতে পুলিশ বলছে, বুধবার গভীর রাতে সালথা বাজার এলাকা থেকে বাড়ি ফেরার পথে তিনি হত্যাকাণ্ডের শিকার হন বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয়রা জমিজমা-সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে বললেও হত্যার প্রকৃত কারণ সম্পর্কে এখনই নিশ্চিত কিছু বলতে রাজি হয়নি পুলিশ।
ঘটনাস্থল পরিদর্শন শেষে নগরকান্দা-সালথা সার্কেলের সহকারী পুলিশ সুপার আল ফাহাদ বলেন, “খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
“প্রাথমিকভাবে মনে হচ্ছে, পাটক্ষেতের ভেতরে তাকে হত্যার পর মরদেহ রাস্তার ওপর এনে ফেলে রাখা হয়। নিহতের শরীরে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।”
তিনি আরও বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে হত্যার প্রকৃত কারণ উদঘাটন করা সম্ভব হবে এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে।