Published : 04 Sep 2025, 05:44 PM
সাতক্ষীরা সদর উপজেলা থেকে ‘সন্ত্রাসী’ মাসুদ রানা ওরফে কোপা মাসুদ ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা, চাপাতি ও মাদকসেবনের সরঞ্জাম জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানিয়েছে সাতক্ষীরা সদর আর্মি ক্যাম্প।
দুপুরে সেনা ক্যাম্প থেকে তিনজনকে সদর থানায় সোপর্দ করা হয় বলে জানিয়েছেন সাতক্ষীরা সদর থানার ওসি মো. শামিনুল হক।
এর আগে বুধবার রাত ১১টার দিকে উপজেলার ব্রহ্মরাজপুর বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
মাসুদ ছাড়া গ্রেপ্তার অন্য দুজন হলেন- মাসুদের সহযোগী শেখ বাদশা ফয়সাল ও জুয়েল।
বিজ্ঞপ্তিতে সেনাবাহিনী জানিয়েছে, “দীর্ঘদিন ধরে কোপা মাসুদ ব্রহ্মরাজপুর ও ধূলিহর এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে চাঁদাবাজি, অস্ত্রের ভয় দেখিয়ে আতঙ্ক সৃষ্টি, ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক অর্থ আদায়, মাদকসেবনসহ একাধিক অভিযোগ রয়েছে।”
অপরাধ দমনে যৌথবাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে আর্মি ক্যাম্প।
গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান ওসি শামিনুল হক।