Published : 14 Jul 2026, 11:53 AM
শেরপুরের শ্রীবরদীতে পারিবারিক বিরোধের জেরে চাচাতো ভাইদের দুই পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচজন।
এ ঘটনায় সোমবার রাতে নিহতের বাবা বাদি হয়ে শ্রীবরদী থানায় মামলা করেছেন বলে জানিয়েছেন ওসি মোহাম্মদ নুরুল আলম।
নিহত আমিন আলী (৩৪) উপজেলার ভেলুয়া ইউনিয়নের ডাকরাপাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে।
মামলার বরাতে ওসি বলেন, আমিন আলী গ্রামের বাড়িতে থাকতেন না। স্ত্রী-সন্তান নিয়ে ঢাকায় থাকতেন ও প্রাইভেট কার চালাতেন। রোববার গ্রামের বাড়িতে আসেন তিনি।
দীর্ঘদিন ধরে চাচাতো ভাইদের সঙ্গে আমিনের পরিবারের বিরোধ চলছিল। রোববার সকালে তার ভাইয়ের সঙ্গে চাচাতো ভাইদের ঝগড়া শুরু হলে তিনিও ঝগড়ায় জড়িয়ে পড়েন। এর জেরে রোববার রাতেও আমিন আলী ও তাঁর ভাইকে মারধর করা হয়।
রাতে সেই ঝগড়া থামলেও সোমবার সকালে আবার শুরু হয়। একপর্যায়ে মেহেদী, অলক, শহিদুল, ফারুকসহ ছয়-সাতজন তাঁদের ওপর হামলা করলে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকালে মারা যান আমিন আলী।
এ ব্যাপারে সোমবার রাতে ১১ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন মকবুল হোসেন।
ওসি আরও বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ।মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে তবে এখনো কেউ গ্রেপ্তার হয়নি।