Published : 09 Jul 2026, 08:21 PM
মেহেরপুরের গাংনী উপজেলায় শাশুড়ির শরীরে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যার দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আলি মাসুদ শেখ আসামির উপস্থিতিতে এ আদেশ দেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষে কৌঁসুলি (পিপি) মুস্তাফিজুর রহমান তুহিন।
দণ্ড পাওয়া হাউস আলী (৫৭) উপজেলার ষোলটাকা গ্রামের আহমদ আলী ছেলে।
মামলার বরাতে পিপি তুহিন বলেন, “মামলার বাদী আম্বিয়া খাতুন একজন আনসার সদস্য। স্বামী হাউস আলীর নির্যাতন সইতে না পেরে তাকে তালাক দেন আম্বিয়া। ২০১৬ সালের ৮ মে রাতে আম্বিয়া ভোটের ডিউটিতে বাড়ির বাইরে ছিলেন।
“রাতে আম্বিয়াকে খুঁজতে তার বাড়িতে যান হাউস। সেখানে গিয়ে আম্বিয়াকে না পেয়ে তার মা ফুলসুরাতনের (৭০) শরীরে পেট্রোল ঢেলে আগুন দেন হাউস। আহতের চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে গেলে হাউস পালিয়ে যান।”
তিনি বলেন, আহত ফুলসুরাতনকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন তিনি মারা যান।
এ ঘটনায় আম্বিয়া বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় হত্যা মামলা করেন বলে জানান পিপি।
একই বছরের ১৩ অগাস্ট মামলার তদন্ত কর্মকর্তা গাংনী থানার তৎকালীন এসআই মনিরুজ্জামান আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
১৮ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়; যা অনাদায়ে তাকে আরও ছয় মাস কারাবাসে থাকতে হবে বলে জানান পিপি তুহিন।
তিনি বলেন, আসামি হাউস আলীর সম্পদ বিক্রি করে পাওয়া অর্থ আদালতে জমা দেওয়ার জন্য জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিয়েছেন বিচারক। সেই অর্থ নিহতের বৈধ উত্তরাধিকারকে প্রদান করা হবে।
আসামিপক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী শহিদুল ইসলাম।