২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

সাভারে মরা মুরগি বিক্রি, লাখ টাকা জরিমানা

ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে আটক করে এক মাসের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2025, 07:54 PM

Updated : 26 Aug 2026, 11:47 AM

ঢাকার সাভার উপজেলায় মরা মুরগি প্রক্রিয়াকরণ করে বিক্রির অভিযোগে এক ব্যবসা প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে আটক করে এক মাসের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। 

শনিবার সকাল ১১টার দিকে উপজেলার মূল ফটকের সামনে গেন্ডা স্ট্যান্ডে ‘মেসার্স আমির এন্টারপ্রাইজ’ নামের মুরগি ব্যবসা প্রতিষ্ঠানে এই অভিযান পরিচালনা করা হয় বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুবকর সরকার জানান। 

দণ্ডিত আমিন এন্টারপ্রাইজ ব্যবস্থাপক ইয়াসিন হোসেন বাবু (৩২) বগুড়া জেলার সোনাতলা থানার ছিছারপাড়া গ্রামের বাসিন্দা। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুবকর বলেন, স্থানীয় ও ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে সাভারের গেন্ডা স্ট্যান্ড বাজারের আমির এন্টারপ্রাইজের প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে ৭০টি মরা মুরগি জব্দ করা হয়। এসময় প্রতিষ্ঠানের মালিক জাহাঙ্গীর আলম কৌশলে পালিয়ে যান। 

“পরে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করে বন্ধ করে দেওয়া হয়। এ ছাড়া প্রতিষ্ঠানের ব্যবস্থাপক ইয়াসিন হোসেন বাবুকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয় “

মরা মুরগি বিক্রির কথা স্বীকার ইয়াসিন বাবু বলেন, “যারা বিড়াল পালন করে তাদের কাছে এসব মুরগি বিক্রি করি।”

এ অভিযানে সাভার থানা পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন।