Published : 09 May 2026, 12:22 PM
চুয়াডাঙ্গা সদর উপজেলায় পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে সালিশ ঢাকা হলেও তা শুরুর আগেই এক কৃষককে মারধর করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের ডিঙ্গেদাহ বাজারে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন চুয়াডাঙ্গা সদর থানার ওসি মিজানুর রহমান।
নিহত আলিম উদ্দিন (৫০) শংকরচন্দ্র ইউনিয়নের মোকামতলা গ্রামের মৃত ঝড়ু মণ্ডলের ছেলে।
নিহতের ভাই কালু মণ্ডল বলেন, আলিম উদ্দিনের ছেলে জিয়ারুলের কাছে স্থানীয় লিয়াকত আলীর ছেলে ভুট্টা বিক্রির কিছু পাওনা টাকা পেতেন। প্রায় দুই বছর ধরে বিষয়টির সমাধান না হওয়ায় শুক্রবার রাতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে সালিশ বৈঠকের আয়োজন করা হয়।

কিন্তু সালিশে বসার আগেই লিয়াকত আলী ও তার ছেলে সেখানে এসে অতর্কিতভাবে আলিমের ওপর হামলা চালায়। এ সময় তাকে বুকে ও পিঠে এলোপাতাড়ি লাথি-ঘুষি মারা হয়।
শংকরচন্দ্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিবুল ইসলাম সুজন বলেন, “পাওনা টাকা নিয়ে বিরোধের সমাধানের জন্য আলিম উদ্দিনসহ কয়েকজন আমার কাছে এসেছিলেন। এ সময় লিয়াকত আলী ও তার ছেলে সেখানে এসে হামলা চালায়।
“আমি চেয়ার থেকে উঠতে উঠতেই আমার সামনেই ঘটনাটি ঘটে। পরে আলিম উদ্দিন অসুস্থ হয়ে পড়লে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
ওসি মিজানুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।