Published : 02 May 2026, 05:39 PM
আওয়ামী লীগের শেষ ১০ বছরে ‘অফিসিয়ালি-আনঅফিসিয়ালি’ কমপক্ষে ৫০ লাখ কোটি টাকা পাচার হওয়ার কথা বলেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।
তিনি বলেছেন, “আওয়ামী লীগ যখন ক্ষমতা ছেড়ে চলে যায়, তখন সরকারের কোষাগার ছিল সম্পূর্ণ শূন্য। পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকার ১৮ মাস একেবারেই দরিদ্রের মত সরকার চালিয়ে গেছে। আমরা যখন সরকারের দায়িত্ব গ্রহণ করেছি, তখন সরকারের কোনো পর্যায়েই ‘কিছুই নেই’ অবস্থা ছিল।”
শনিবার টাঙ্গাইলের সখীপুর উপজেলা পরিষদ হলরুমে ২০২৪-২৫ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় বিভিন্ন সহায়তা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আহমেদ আযম খান বলেন, “আমি নিজে প্রত্যক্ষ করেছি, ১৯৭৪ সালের দুর্ভিক্ষে অসংখ্য মানুষ মারা যায়। দেশি- বিদেশি সাংবাদিকরা তখন মন্তব্য করেছিলেন, কমবেশি ৫০ হাজার মানুষ সেই দুর্ভিক্ষে মারা গেছে। ওই দুর্ভিক্ষের সময় মানুষে-কুকুরে একসঙ্গে খাবার খেয়েছে ডাস্টবিন থেকে তুলে এনে।
“সেই দুর্ভিক্ষের সময় মানুষ মারা গেলে কাফনের কাপড় পাওয়া যায়নি, কলাপাতা দিয়ে তখন কবর দিয়েছে। সেই দুর্ভিক্ষের পর পরই যখন জিয়াউর রহমান দায়িত্ব গ্রহণ করলেন, তখন দেখেছি আমূল পরিবর্তন হতে। একেবারে ‘তলাবিহীন ঝুড়ি’র বাংলাদেশ থেকে একটা সমৃদ্ধ বাংলাদেশ উনার শাসন আমলে দেখেছি।”
অনুষ্ঠানে ২০২৪-২৫ অর্থবছরে এডিবির আওতায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, ১৬ জন বেকার নারীদের মাঝে সেলাই মেশিন, দরিদ্র ১০টি পরিবারের মাঝে টিউবওয়েল, শিক্ষা প্রতিষ্ঠানের ১৩০ শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী, ৩০ জন কৃষকের মাঝে কৃষি উপকরণ, ১৮ জন দরিদ্র নারীর মাঝে গবাদিপশু এবং ১৫ জন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রনীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সখীপুর থানার ওসি মো. হেলাল উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মনসুর আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা নিয়ন্তা বর্মন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলম মাস্টার, ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন মাস্টার।