Published : 08 Jul 2026, 08:43 PM
কুমিল্লার চান্দিনা উপজেলায় অটোরিকশাকে ধাক্কা দিয়ে একটি লরি পুকুরে পড়ে গেছে। এতে দুজন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও একজন।
বুধবার দুপুর আড়াইটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার নূরীতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার পাঁচকিত্তা গ্রামের আব্দুল মান্নানের ছেলে ও অটোরিকশার চালক হানিফ মিয়া (৩৫) এবং দেবীদ্বার উপজেলার দাঁড়িয়াপুর গ্রামের মনির হোসেনের ছেলে লাবিব হোসেন (১৫)।
এ দুর্ঘটনায় আহত সজীব হোসেন (২৪) দেবীদ্বার উপজেলার দাঁড়িয়াপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। তিনি নিহত লাবিবের মামাতো ভাই।
লাবিবের ফুপাতো বোন কোহিনূর বেগম এবং নিহত হানিফ মিয়ার ভগ্নিপতি বলেন, বিকালে হাসপাতালে মৃত্যুর পর তাদের মরদেহ বাড়িতে আনা হয়েছে।
ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ওসি জাকির হোসেন সিকদার বলেন, “দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় আমরা তিনজনকে হাসপাতালে পাঠিয়েছি। তাদের মৃত্যুর খবর এখনও আমরা পাইনি। খোঁজ নিচ্ছি।”
নিহতের স্বজনরা বলেন, বৃষ্টির মধ্যে মাধাইয়া বাজার থেকে তিনজন অটোরিকশায় করে নূরীতলার দিকে যাচ্ছিলেন। পথে পিছন থেকে লরিটি অটোরিকশাকে ধাক্কা দিয়ে রাস্তার পাশের একটি পুকুরে পড়ে যায়। এতে অটোরিকশাটি রাস্তার উপর উল্টে যায়।
আহতদের উদ্ধার করে প্রথমে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সেখান থেকে তাদের কুমিল্লার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে দুজন মারা যান।