বরগুনায় ছাত্রদল নেতার বাড়িতে অভিযান, ৫ শতাধিক ইয়াবাসহ গ্রেপ্তার
মাদকের পাশাপাশি মাদক বিক্রির নগদ দশ হাজার টাকা উদ্ধারের খবরও জানিয়েছে পুলিশ।
বরগুনার পাথরঘাটা উপজেলায় জেলা ছাত্রদলের এক নেতার ঘর থেকে ইয়াবা উদ্ধার এবং তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পাথরঘাটা থানার ওসি মো. এনামুল হক জানান, শনিবার রাত ১০টা ১৫ মিনিটের দিকে পাথরঘাটা পৌর শহরের ইমন আলী রোডের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. আরাফাত রহমান অভি পাথরঘাটা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আনসার আলীর ছেলে ও বরগুনা জেলা ছাত্রদলের সহ-সম্পাদক এবং পাথরঘাটা উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব।
পাথরঘাটা থানার এসআই মো. সোহেল রানা বলেন, “শনিবার রাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ছাত্রদল নেতা অভির বাসায় মাদকবিরোধী অভিযান চালায়।
“এ সময় তার বাড়ি থেকে ৫১০টি ইয়াবা উদ্ধার করা হয়। এর পাশাপাশি উদ্ধার করা হয় মাদক বিক্রির নগদ ১০ হাজার টাকা।”
এ ঘটনায় ওই নেতার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান ওসি এনামুল হক।
