মাগুরায় ঘেরের পাশ থেকে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার
তিন দিন আগে তিনি বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন।
মাগুরায় সদরে মাছের ঘেরের পাশ থেকে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় স্থানীয়রা মীরপাড়া ও ঘোড়ামারার মাঝামাঝি এলাকায় মাছের ঘেরের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে বলে জানিয়েছেন সদর থানার ওসি আশিকুর রহমান।
নিহত সুমন (১৬) মাগুরা শহরের মীরপাড়া এলাকার শরিফুল ইসলামের ছেলে। তিন দিন আগে তিনি বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন।
এই কিশোর রিকশা চালানোর সঙ্গে জড়িত থাকলেও তিনি রিকশা নিয়ে বের হয়েছিলেন কিনা নিশ্চিত হওয়া যায়নি।
ওসি আশিকুর রহমান বলেন, শুক্রবার সন্ধ্যায় মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
এ ঘটনায় এলাকায় উদ্বেগ বিরাজ করছে। মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত চলছে। একই সাথে মামলা প্রত্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
