গাজীপুরে বাসচাপায় পোশাক শ্রমিক নিহত, বাসে আগুন
এ ঘটনার প্রতিবাদে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা।
গাজীপুর মহানগরে বাসচাপায় এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ এবং একটি বাসে আগুন দেন সহকর্মীরা।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
সোমবার দুপুর সোয়া ১টার দিকে নগরের ইটাহাটা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বাসন থানার ওসি হারুন অর রশিদ।
নিহত মরিয়ম আক্তার (৫০) স্থানীয় সোয়েটার কারখানার শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। তবে তার বিস্তারিত পরিচয় জানাতে পারেননি পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৭টার দিকে কারখানায় যাচ্ছিলেন মরিয়ম। এ সময় মহাসড়ক পাড় হওয়ার সময় তাকওয়া পরিবহনের একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন ও মরিয়মের সহকর্মীরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
দুপুরে সহকর্মীর মৃত্যুর খবর কারখানায় পৌঁছলে শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে তারা তাকওয়া পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করেন।
ওসি হারুন অর রশিদ বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নেয়। এতে মহাসড়কে যান চলাচল বিঘ্নিত হয়। পরে ক্ষতিগ্রস্ত বাসটি সড়ক থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।
