১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

‘গণভোটের সঙ্গে সংবিধানে বিসমিল্লাহ থাকা না থাকার বিষয়টি সম্পৃক্ত নয়’

গণভোট নিয়ে পাবনায় মতবিনিময় সভা শেষ সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2026, 08:54 PM

Updated : 26 Aug 2026, 05:36 PM

গণভোটের সঙ্গে সংবিধানে বিসমিল্লাহ থাকা না থাকার বিষয়টি সম্পৃক্ত নয় বলে দাবি করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম। 

তিনি বলেছেন, “গণভোটের সঙ্গে সংবিধানে বিসমিল্লাহ থাকা না থাকার বিষয়টি সম্পৃক্ত নয়। বিসমিল্লাহ নতুন করে আসেনি, আর চলেও যাবার বিষয় না। এটা সারা জীবন থাকবে, সবসময় থাকবে। 

“এ নিয়ে বিভিন্ন দলের তোলা অভিযোগের কোনোটি সঠিক নয়। নির্বাচনের পরিবেশ নষ্ট হবার সুযোগ নেই। সঠিক সময়ে উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে।”

সোমবার সকালে গণভোট নিয়ে পাবনা জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষ সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব বলেন তিনি।

এর আগে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজে গণভোটের গাড়ি পরিদর্শন করেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। 

পরে পাবনা সার্কিট হাউস হলরুমে মতবিনিময় সভা নূরজাহান বেগম বলেন, “গণভোট সংক্রান্ত প্রচার কার্যক্রম জোরদার করতে হবে। সুযোগ বারবার আসে না। এবার সুযোগ এসেছে পরিবর্তনের, এটাকে কাজে লাগাতে হবে। 

“আমরা আর পূর্বের অবস্থা দেখতে চাই না। আমরা যদি সুযোগ হাতছাড়া করি, তাহলে আমাদের সবারই বিপদে পড়তে হবে।”

সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান, পাবনা জেলা প্রশাসক শাহেদ মোস্তফা, পুলিশ সুপার আনোয়ার জাহিদ এবং জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহফুজা সুলতানা উপস্থিত ছিলেন।