১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কুমিল্লা পেল ৩ মন্ত্রী

“আশা করছি কুমিল্লা বিভাগ বাস্তবায়নসহ কুমিল্লাবাসীর সকল আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন তাদের মাধ্যমে বাস্তবায়ন হতে দেখব।”

কুমিল্লা পেল ৩ মন্ত্রী
আমিন উর রশিদ ইয়াছিন, জাকারিয়া তাহের সুমন এবং শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2026, 07:31 PM

Updated : 26 Aug 2026, 02:58 PM

ত্রয়োদশ সংসদ নির্বাচনে মনোনয়ন বঞ্চিত হয়ে কাঙ্ক্ষিত ধানের শীষ প্রতীক পাননি। পরে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিলেও বিএনপি চেয়ারম্যানের নির্দেশে নিজেকে সরিয়ে নিয়েছিলেন আমিন উর রশিদ ইয়াছিন।

বরং কুমিল্লা দক্ষিণের সমন্বয়কের দায়িত্ব নিয়ে ছয়টি আসনে দলের কোন্দল নিরসন এবং নির্বাচনি প্রচারে সক্রিয় হন বিএনপি চেয়ারম্যানের এ উপদেষ্টা। 

কুমিল্লা-৬ আসনের সাবেক এই সংসদ সদস্য দলের কুমিল্লা দক্ষিণ জেলা আহ্বায়কের দায়িত্বও পালন করেছেন দীর্ঘদিন। 

দলের প্রতি এসব অবদানের স্বীকৃতি মিলেছে অবশেষে, তিনি জায়গা পেয়েছেন তারেক রহমানের মন্ত্রিসভায়। তাকে তিন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার খবর এসেছে। শপথের পর আলোচনায় এসেছে কৃষি, মৎস্য এবং খাদ্য মন্ত্রণালয়ের ভার পড়ছে তার কাঁধে।

তার পাশাপাশি কুমিল্লা জেলা থেকে তারেক রহমানের মন্ত্রিসভায় আরও দুইজন স্থান পেয়েছেন।

তারা হলেন- কুমিল্লা-৮ বরুড়া আসন থেকে নির্বাচিত জাকারিয়া তাহের সুমন এবং কুমিল্লা-৩ মুরাদনগর আসন থেকে শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। 

এর মধ্যে জাকারিয়া তাহের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী এবং  কায়কোবাদকে ধর্ম মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন বলে খবরে এসেছে। 

জাকারিয়া তাহের এ নিয়ে দুইবার এবং শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ ছয়বারের সংসদ সদস্য নির্বাচিত হলেও পূর্ণমন্ত্রীর দায়িত্ব পেলেন এবারই প্রথম। 

কুমিল্লা জেলা থেকে তিনজন মন্ত্রী করায় প্রধানমন্ত্রী ও দলের প্রধান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে বিএনপির কুমিল্লা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া।

তিনি বলেন, “নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সকল মন্ত্রীদের প্রতি শুভেচ্ছা ও অভিবাদন জানাই। দীর্ঘদিন পর বিএনপি থেকে কুমিল্লা তিনজন মন্ত্রী পেয়েছে- এতে অত্যন্ত আনন্দিত।  

“আশা করছি কুমিল্লা বিভাগ বাস্তবায়নসহ কুমিল্লাবাসীর সকল আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন তাদের মাধ্যমে বাস্তবায়ন হতে দেখব।  জেলায় তিনজন মন্ত্রিত্ব আমাদের সাংগঠনিক শক্তিকে আরও শক্তিশালী করবে।” 

কুমিল্লা জেলা থেকে তিন মন্ত্রী পাওয়ায় খুশি সাধারণ মানুষও। হাট-বাজারে আলাপ-আলোচনা ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে এ নিয়ে নানা অভিবাদন ও শুভেচ্ছার পোস্ট আসছে একের পর এক।