০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

লালমনিরহাটে অবৈধভাবে সার বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

লালমনিরহাটে অবৈধভাবে সার বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা
লালমনিরহাটের আদিতমারীতে এক ব্যবসায়ীর দোকানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2026, 04:13 PM

Updated : 16 Sep 2026, 05:11 PM

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় অবৈধভাবে সার মজুদ ও বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার দুপুরে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মান্নানের চৌপথি এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন আদিতমারী উপজেলা কৃষি কর্মকর্তা মো. ওমর ফারুক।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গুঞ্জন বিশ্বাস। 

দণ্ড পাওয়া মো. মুকুল মিয়া ওই এলাকার অনুমোদন বিহীন সার ব্যবসায়ী।

কৃষি কর্মকর্তা ওমর ফারুক বলেন, মান্নানের চৌপথি এলাকায় সার অবৈধভাবে মজুদ রেখে বিক্রি করা হচ্ছিল এমন খবর পেয়ে দুপুরে অভিযান চালানো হয়।

তিনি বলেন, “অভিযানের সময় অবৈধভাবে সার মজুদ রাখা অবস্থায় মুকুল মিয়াকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ১৫ হাজার টাকা জরিমানা এবং তাৎক্ষণিক তা আদায় করা হয়।”

ইউএনও গুঞ্জন বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সার নিয়ে কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না। কৃষকরা যাতে নির্ধারিত মূল্যে সার পান, তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে।”