ফেনীতে পিকআপ ভ্যানে বাসের ধাক্কা, ২ ভাইয়ের মৃত্যু
সড়কের পাশে পড়ে যাওয়া একটি পিকআপ ভ্যান উদ্ধার করতে গিয়ে দুই ভাইয়ের প্রাণ যায়, বলছে তাদের এক স্বজন।
ফেনীর সদর উপজেলায় পিকআপ ভ্যানে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই ভাইয়ের প্রাণ গেছে।
উপজেলার পাঁচগাছিয়া এলাকার ফেনী-নোয়াখালী মহাসড়কে বৃহস্পতিবার গভীররাতে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন মহিপাল হাইওয়ে থানার ওসি মো. হারুনুর রশিদ।
নিহতরা হলেন- ফেনী সদর উপজেলার পাঁছগাছিয়া ইউনিয়নের লক্ষ্মীয়ারা উজালীয়া গ্রামের শাহ আলমের ছেলে মোশারফ হোসেন (৩৫) ও একরাম হোসেন (৩২)।
তাদের মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ বলছে, ফেনী থেকে নোয়াখালীমুখী একটি পিকআপ ভ্যানকে বিপরীতমুখী লাল সবুজ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয় দেয়। এতে পিকআপ ভ্যানটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং দুইজন গুরুতর আহত হন। আশপাশের লোকজন দ্রুত তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা মোশারফকে মৃত ঘোষণা করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় একরামকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।
নিহতদের চাচাত ভাই মো. সুজন বলেন, “মোশারফ আলভী এন্টারপ্রাইজ নামে একটি পরিবহন কোম্পানিতে চাকরি করতো। আলভী এন্টারপ্রাইজের একটি পিকআপ ভ্যান বৃহস্পতিবার মধ্যরাতে সদরের পাঁচগাছিয়া এলাকায় সড়কের পাশে পড়ে যায়। পিকআপ ভ্যানটি উদ্ধার করতে মোশাররফকে খবর দেয় আলভী এন্টারপ্রাইজের মালিক।
“মোশারফ তার ছোট ভাইকে নিয়ে গাড়িটি উদ্ধার করতে ওই এলাকায় যায়। পিকআপ ভ্যানটি সড়কের পাশ থেকে তুলে সড়কের উপর দাঁড় করালে বিপরীত দিক থেকে দ্রুতগতির একটি বাস পিকআপ ভ্যানে সজোরে ধাক্কা দেয়। এতে মোশারফ ও একরাম গুরুতর আহত হয়।”
ক্ষতিগ্রস্ত পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে ওসি হারুনুর রশিদ জানান।
