চাঁদপুরে এলপিজি ফিলিং স্টেশনে রান্নার সিলিন্ডারে গ্যাস ভরায় জরিমানা
বন্ধ করে দেওয়া হয়েছে ওই কার্যক্রম। মালিকের কাছ থেকে নেওয়া হয়েছে লিখিত মুচলেকা।
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় একটি অটোমোবাইল এলপিজি ফিলিং স্টেশনে রান্নার সিলিন্ডারে গ্যাস ভরার অভিযোগে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
একই সঙ্গে এভাবে গ্যাস ভরার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।
রোববার দুপুরে উপজেলার জে কে এলপিজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন সেন্টারে অভিযান চালিয়ে এ জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে নেতৃত্ব দেন ফরিদগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ আর এম জাহিদ হাসান। এ সময় ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত জানায়, ওই প্রতিষ্ঠান থেকে অনুমোদন ছাড়াই বাসাবাড়িতে ব্যবহৃত রান্নার সিলিন্ডারে গ্যাস ভরা হচ্ছিল। অভিযোগ পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এ সময় রান্নার সিলিন্ডারে গ্যাস ভরার প্রমাণ পাওয়া যায়।
পরে প্রতিষ্ঠানটির মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি রান্নার সিলিন্ডারে গ্যাস ভরার কাজ বন্ধ করে দেওয়া হয়। ভবিষ্যতে এমন কাজ করবেন না- এ মর্মে মালিকের কাছ থেকে লিখিত মুচলেকা নেওয়া হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এ আর এম জাহিদ হাসান বলেন, ঝুঁকিপূর্ণভাবে রান্নার সিলিন্ডারে গ্যাস ভরা আইনবিরুদ্ধ। এতে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। জননিরাপত্তার স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
