১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

আইভীকে ৫ মামলায় গ্রেপ্তার দেখানোর শুনানি পিছিয়েছে

‘লকডাউন’ কর্মসূচির কারণে তা পেছানো হয় বলে জানান আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2025, 06:45 PM

Updated : 26 Aug 2026, 05:07 PM

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত চারটি হত্যাসহ মোট পাঁচটি মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার দেখানোর আবেদনের শুনানির তারিখ পিছিয়েছে।

বৃহস্পতিবার এ মামলাগুলোর শুনানি হওয়ার কথা থাকলেও নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচির কারণে তা পেছানো হয় বলে জানান আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান।

তিনি বলেন, “লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে দেশে উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তার স্বার্থে আসামিকে আদালতে আনা সম্ভব হয়নি। ফলে শুনানির জন্য প্রসিকিউশন দাঁড়াতে পারেনি। পরে সংশ্লিষ্ট বিচারিক হাকিম আদালত তারিখ পিছিয়ে ১৮ নভেম্বর শুনানির তারিখ ধার্য করে আদেশ দেন।”

ওই দিন আসামিকে ভার্চুয়ালি যুক্ত করা হতে পারে বলেও জানান আদালত পুলিশের এ কর্মকর্তা।

৯ মে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত একটি হত্যা মামলায় গ্রেপ্তার হওয়ার পর থেকে ছয় মাস ধরে আইভী গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দি। পরে আরও চারটি মামলায় তাকে ‘শ্যোন অ্যারেস্ট’ দেখায় পুলিশ।

রোববার দুপুরে হাই কোর্টের বিচারপতি এ এস এম আবদুল মোবিন ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ আইভীকে পাঁচটি মামলায় জামিন দেন।

ওই দিনই নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ তাদের উপর হামলা ও সরকারি কাজে বাধার অভিযোগে একটি মামলায় গ্রেপ্তার দেখাতে আদালতে আবেদন করে। পর দিন ফতুল্লা মডেল থানা পুলিশ বৈষম্যবিরোধী আন্দোলনে হতাহতের ঘটনায় আরও চারটি মামলায় গ্রেপ্তার দেখাতে আবেদন করে।

আদালত পাঁচটি মামলাতেই ‘শ্যোন অ্যারেস্ট’ এর আবেদনের পরিপ্রেক্ষিতে ১৩ নভেম্বর শুনানির তারিখ ধার্য করে। যা পেছানো হয়েছে।

এদিকে, পাঁচ মামলায় আইভীকে জামিন দিয়ে হাই কোর্টের আদেশ গত বুধবার স্থগিত করে দিয়েছে আপিল বিভাগের চেম্বার আদালত।