Published : 21 Dec 2025, 09:23 PM
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির মৃত্যুকে কেন্দ্র করে সংবাদমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলাকে ‘পরিকল্পিত দেশবিরোধী ষড়যন্ত্র’ হিসেবে দেখছেন নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উপদেষ্টা রফিউর রাব্বি।
তিনি বলেন, “হাদিকে হত্যা করে এই যে পরিস্থিতি তৈরি করা এবং প্রতিষ্ঠানগুলোতে হামলা, এসব কিছুকে আমরা এক হিসেবে দেখছি। এটাকে পরিকল্পিত দেশবিরোধী ষড়যন্ত্র হিসেবে আমরা দেখছি।”
রোববার বিকালে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে এক প্রতিবাদী সংস্কৃতি সমাবেশে এ কথা বলেন তিনি।
নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের আয়োজনে এ সমাবেশে গান ও কবিতার মধ্য দিয়ে সম্প্রতি সাংস্কৃতিক সংগঠন উদীচী, ছায়ানট এবং প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার প্রতিবাদ জানান সংস্কৃতি কর্মীরা।
এ সময় রফিউর রাব্বি বলেন, “নির্বাচনের মধ্য দিয়ে যখন দেশ একটি গণতান্ত্রিক পরিবেশের পথে যাচ্ছে, তখন বর্বরতা বৃদ্ধি করে, হত্যার মধ্য দিয়ে দেশকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র আমরা বুঝতে পারি।
“যারা আগেও এসব ষড়যন্ত্রের মধ্য দিয়ে ইতিহাস বিকৃতির চেষ্টা করেছে, আমরা তাদের রুখে দিয়েছি। ইতিহাস যাতে তাদের পক্ষে না যায়, ইতিহাস যাতে মানুষের পক্ষে থাকে সেই আন্দোলন-সংগ্রামের রাস্তায় ছিলাম।”
“এখনো এই সমাবেশ থেকে বলতে চাই, ঘাতকের বুলেট, ঘাতকের তরবারি যতই শক্তিশালী হোক না কেন, আমাদের সংস্কৃতির শক্তি তার চেয়ে অনেক অনেক শক্তিশালী। এইটা আমরা বিভিন্নভাবে, বিভিন্ন সময় তার প্রমাণ দিয়েছি”, যোগ করেন তিনি।
গান, কবিতা, চিন্তা ও সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে বুলেটকে মোকাবেলার কথাও বলেন তিনি।
রাব্বি বলেন, “এই বর্বরতায় আমরা ভীত হইনি। তারা যতই বর্বর হোক, আমরা তাদের মোকাবিলা করব, আমাদের শক্তি- সাহিত্য ও চিন্তা দিয়ে। অবশ্যই আমরা এই ভূখণ্ডে তাদের পরাজিত করব।”
ওসমান হাদির ঘাতকদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি করে তিনি বলেন, “সে যে মতের, যে পথেরই হোক না কেন, আমরা এই আততায়ীর মাধ্যমে বর্বর হত্যাকাণ্ডের এবং বিচারহীনতার বিরুদ্ধে দাঁড়িয়েছি।
“এখনো কেন বিচার হলো না, তার জবাব সরকারের কাছে চাই। কীভাবে এই ঘাতক দেশ থেকে পালিয়ে যায়? সরকার-প্রশাসনের ইন্ধন না থাকলে তা সম্ভব হয় না।”
নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি মনি সুপান্থের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক দিনা তাজরিনের পরিচালনায় এতে শিশু সংগঠক রথিন চক্রবর্তী, সিপিবি নেতা হাফিজুল ইসলাম, মন্টু ঘোষ, সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি প্রদীপ ঘোষ বাবু, জিয়াউল ইসলাম কাজল, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) জেলা সভাপতি ধীমান সাহা জুয়েল বক্তব্য দেন।