Published : 20 Aug 2026, 06:07 PM
রংপুরে প্রিপেইড মিটার বাতিল, ডিমান্ড চার্জ প্রত্যাহার, অতিরিক্ত বিল ও গ্রাহক হয়রানি বন্ধসহ চার দফা দাবিতে ‘স্তব্ধ রংপুর’ পালন করেছেন গ্রাহকরা।
বিদ্যুৎ গ্রাহক ফোরামের আয়োজনে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়। প্রেস ক্লাব এলাকা থেকে শাপলা চত্বর পর্যন্ত সড়কে অবস্থান নেন আন্দোলনকারীরা।
এতে সাময়িকভাবে স্থবির হয়ে পড়ে নগরীর স্বাভাবিক চলাচল। বন্ধ হয়ে যায় যান চলাচল।
কর্মসূচিতে অংশ নেওয়া গ্রাহকদের অভিযোগ, প্রিপেইড মিটারে রিচার্জের পর বিভিন্ন ধরনের চার্জ কেটে নেওয়ায় তাদের ওপর বাড়তি আর্থিক চাপ তৈরি হচ্ছে। একইসঙ্গে মিটারসংক্রান্ত জটিলতা ও গ্রাহক হয়রানি বন্ধের দাবি জানান তারা।
বিদ্যুৎ গ্রাহক ফোরাম রংপুর জেলার আহ্বায়ক অধ্যাপক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সমাবেশে সংগঠনটির সদস্যসচিব আহসানুল আরেফিন তিতু, ফোরামের উপদেষ্টা মির্জা বাবর বাবুল, আবু ছালেক, যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান সোহেল, সদস্য শাহিদুল ইসলাম সুমন, ভুক্তভোগী গ্রাহক কেয়া বেগম, ময়না আক্তার, হাসিবুর রহমান এবং সোলায়মান আলী বক্তব্য দেন।
এ সময় আন্দোলনকারীরা চার দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো- প্রিপেইড মিটার বাতিল ও ডিমান্ড চার্জ প্রত্যাহার, অতিরিক্ত বিল ও গ্রাহক হয়রানি বন্ধ, ঘন ঘন লোডশেডিংসহ বিদ্যুৎ সমস্যা নিরসন এবং অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ।
বিদ্যুৎ গ্রাহক ফোরামের নেতারা বলেন, গ্রাহকদের দাবি দ্রুত বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। ২০ সেপ্টেম্বরের মধ্যে দাবি মানা না হলে নেসকো কার্যালয় ঘেরাওসহ নগরী অচল করার হুঁশিয়ারিও দেওয়া হয়।
তবে প্রিপেইড মিটার ও বিলসংক্রান্ত অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট বিদ্যুৎ কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
একই দাবিতে রংপুরে আগেও আন্দোলন হয়েছে। এরপর থেকে প্রিপেইড মিটার নিয়ে গ্রাহকরা অসন্তোষ প্রকাশ করেছেন।