১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

জামালপুরে ওসমান হাদির গায়েবানা জানাজা

বক্তারা হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2025, 06:05 PM

Updated : 26 Aug 2026, 05:21 PM

জামালপুর জেলার বিভিন্ন স্থানে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার  দুপুর ২টায় শহরের ফৌজদারী চত্বরে  গায়েবানা জানাজায়  ছাত্র-জনতাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। 

জানাজা পুর্ব সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন জামালপুর জেলা গণঅধিকার পরিষদের সভাপতি মো. ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক ও জামালপুর-৫ সদর আসনের সংসদ সদস্য প্রার্থী মো. জাকির হোসেন, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার সাবেক আহ্বায়ক মীর ইসহাক হাসান ইখলাস, ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি মুফতি মোস্তফা কামাল।

বক্তারা হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে দেশের আর কোনো যুবক যেন হাদির মতো হত্যার শিকার না হয় এবং কোনো বিপ্লবীকে যেন জীবন দিতে না হয় এই প্রত্যাশা ব্যক্ত করেন।

জানাজা শেষে হাদির আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। 

এদিকে সকাল ১১টায় শহরের শেখেরভিটা মসজিদ প্রাঙ্গনে ছাত্র শিবিরের উদ্যোগে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় জামায়াতের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। 

এছাড়া জেলার মাদারগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলায়ও ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।