১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ভারতের সংবাদমাধ্যম বাংলাদেশ নিয়ে অপপ্রচার করছে: রিজভী

রোববার লালমনিরহাটের বড়বাড়ী শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে তিনি এসব কথা বলেন।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2024, 09:45 PM

Updated : 26 Aug 2026, 10:56 AM

ভারতের সংবাদমাধ্যম বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেছেন, “প্রতিবেশী দেশের মিডিয়াগুলো যেভাবে বাংলাদেশকে নিয়ে অপপ্রচার করছে তা এদেশের সার্বভৌমত্বের ওপর আঘাত। ওই দেশটি আবারো শেখ হাসিনাকে ক্ষমতায় বসানোর জন্য উঠেপড়ে লেগে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এ ব্যাপারে অন্তবর্তী সরকারসহ দেশের গণতন্ত্রমনা সব দলকে সচেতন থাকতে হবে।” 

রোববার বিকালে লালমনিরহাটের বড়বাড়ী শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের চুতুর্থ খেলায় তিনি এসব কথা বলেন।

বিএনপি নেতা বলেন, “শেখ হাসিনা পালিয়ে যাওয়ার ফলে ভারত শোকাহত। ভারত শেখ হাসিনার জন্য খুবই কষ্ট পেয়েছে। ভারত যড়ষন্ত্র করে শেখ হাসিনাকে আবারও দেশে ফিরেই এনে ক্ষমতায় বসাতে চায়।” 

তিনি বলেন, “বিএনপি উৎপাদনের দল, গণতন্ত্রের দল। অপরদিকে আওয়ামী লীগ টাকা পাচারকারী ও লুটেরার দল। আওয়ামী লীগের শাসনামলে এ দেশের মানুষ কখনোই শান্তিতে ছিল না। জিয়াউর রহমান এদেশে শান্তি এনে দিয়েছেন। 

“আওয়ামী লীগের মন্ত্রী-এমপিরা হাজার হাজার কোটি টাকা পাচার করে বিদেশে বিলাসী জীবনযাপন করছেন। তারা জিয়াউর রহমান ও তার দলকে এদেশের মাটি থেকে মুছে ফেলতে চেয়েছিল। কিন্তু এখন তারাই পালিয়ে বেড়াচ্ছেন এবং পালিয়ে গেছেন।” 

বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এ কে এম মমিনুল হক।

খেলায় রংপুর বিভাগের ১০টি দল অংশ নিচ্ছে। ২৮ নভেম্বর টুর্নামেন্টের চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে।