কুমিল্লায় গভীররাতে সড়কে ঝরল ৩ কিশোরের প্রাণ
ঘন কুয়াশার কারণে তাদের বাইক নিয়ন্ত্রণ হারায় বলে পুলিশের ভাষ্য।
কুমিল্লায় বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে মোটর সাইকেল আরোহী তিন কিশোর নিহত হয়েছে।
রোববার রাত ১টার দিকে আদর্শ সদর উপজেলার গোমতী নদীরপাড় পালপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার আড়াইওড়া উত্তরপাড়া এলাকার কাউসার খলিলের ছেলে আহাদ হোসেন (১৫), ভুবনগড় এলাকার মৃত মনির হোসেনের ছেলে মিনহাজুল ইমন (১৬) এবং বুড়িচং উপজেলার শিকারপুর এলাকার জাকির হোসেনের ছেলে মোহাম্মদ ইমন (১৫)।
কোতয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম জানান, আড়াইওরা মধ্যপাড়া এলাকায় আহাদের মামার বিয়ের অনুষ্ঠান চলছিল। সেখান থেকে ভিডিওগ্রাফার মিনহাজুলকে মোটরসাইকেল যোগে বাড়ি পৌঁছে দিচ্ছিল আহাদ ও ইমন।
পথে পালপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মোটর সাইকেলটি সড়কের পাশের বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।
ওসি মহিনুল ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”
ঘন কুয়াশার কারণে মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারায় বলে জানিয়েছেন তিনি।
