Published : 06 Jul 2026, 10:22 PM
গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জাতির সঙ্গে বেইমানি করছে বলে অভিযোগ করেছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম।
বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, “বাংলাদেশের ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন। কিন্তু এখনও এ সরকার সংস্কারের জন্য গণভোটের রায় বাস্তবায়ন করেনি। বিএনপি সরকার জাতির সঙ্গে বেইমানি করছে।”
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এনসিপির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরের কালীগঞ্জে সমাবেশে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি সেখানে ‘জুলাই পদযাত্রা’য় অংশ নেন।
নাহিদ ইসলাম বলেন, “এই সরকার প্রতিশ্রুতি দিয়েছিল, বিদ্যুতের সমস্যা সমাধান করবে। কিন্তু এই বাজেটে তা আমরা দেখতে পাইনি।
“স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকা দিয়ে মাদক এসে সারাদেশে ছড়িয়ে পড়ছে। মাদক কারবারিদের বন্ধ করুন, আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখুন।”
সমাবেশে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, “যতক্ষণ পর্যন্ত গণভোটের রায় বাস্তবায়ন না হবে, ততক্ষণ পর্যন্ত জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে না।”
এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, “বিএনপি যদি একটি ভালো কাজ করে, আমাদেরও তাদের প্রশংসা করার মত মানসিকতা থাকতে হবে। আবার যে কোনো রাজনৈতিক দল সমালোচনা করার মত কোনো কাজ করে, জনগণের বিরুদ্ধে বা রাষ্ট্রের বিরুদ্ধে কোনো কাজ করে, তার যৌক্তিক সমালোচনা করার মত সৎ সাহস থাকতে হবে।”
সমাবেশে গাজীপুর জেলা এনসিপির সভাপতি এম এম সোয়েব বক্তব্য দেন।