রাজবাড়ীতে বজ্রপাতে বাবার মৃত্যু, প্রাণে বাঁচল কোলের সন্তান
“হঠাৎ বজ্রপাত হলে মেয়ে কোল থেকে ছিটকে পড়ে যায় এবং সুমন মাটিতে লুটিয়ে পড়েন।”
রাজবাড়ীর সদর উপজেলায় বজ্রপাতে এক ব্যক্তির প্রাণ গেছে।
বুধবার সকালে মিজানপুর ইউনিয়নের বাগমাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে রাজবাড়ী থানার ওসি উত্তম কুমার ঘোষ জানিয়েছেন।
নিহত ৩৫ বছর বয়সী সুমন আহম্মেদ ওই এলাকার সিদ্দিক মণ্ডলের ছেলে।
নিহতের পরিবারের বরাতে ওসি উত্তম বলেন, “সুমন একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন। সকাল পৌনে ৭টার দিকে তিনি তার সাড়ে তিন বছর বয়সী মেয়ে সাফিয়াকে কোলে নিয়ে বাড়ির পাশে দোকানে যাচ্ছিলেন।
“এ সময় হঠাৎ বজ্রপাত হলে মেয়ে কোল থেকে ছিটকে পড়ে যায় এবং সুমন মাটিতে লুটিয়ে পড়েন। স্বজনরা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
তবে এ ঘটনায় মেয়ে সাফিয়া সুস্থ রয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
