১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

দুর্গম লক্ষ্মীছড়িতে সেনাবাহিনী-বিদ্যানন্দের ‘এক টাকার বাজার’

দুর্গম এলাকার চিকিৎসাসেবা থেকে বঞ্চিত পাঁচ শতাধিক মানুষের জন্য এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকেরা।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2026, 05:19 PM

Updated : 26 Aug 2026, 03:38 PM

খাগড়াছড়ির দুর্গম লক্ষ্মীছড়ি উপজেলায় সেনাবাহিনী ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে ব্যতিক্রমধর্মী ‘এক টাকার বাজার’ ও বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মাঠে পরিচালিত এ কার্যক্রমে স্থানীয় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ‘প্রতীকী মূল্যে’ নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ করা হয়। পাশাপাশি বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।

আয়োজকেরা জানান, উপজেলার দুর্গম বিভিন্ন এলাকার চিকিৎসাসেবা থেকে বঞ্চিত পাঁচ শতাধিক মানুষের জন্য এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

একইসঙ্গে মাঠের অন্য প্রান্তে আয়োজন করা হয় ‘এক টাকার বাজার’। সেখানে পাঁচ শতাধিক ব্যক্তি চাল, মসুর ডাল, ডিম, সয়াবিন তেল, আটা ও চিনিসহ ১৭ ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্য প্রতীকী মূল্যে কেনার সুযোগ পান।

প্রতিজনকে ১০ টাকার বিনিময়ে প্রয়োজনীয় পণ্য সংগ্রহের সুযোগ দেওয়া হয়।

অনুষ্ঠানে লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ (ইউএরও) ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. জামাল উদ্দিন উপস্থিত ছিলেন।