নড়াইলে বাড়ির পাশের পুকুরে ডুবে শিশুর মৃত্যু
শহিদুল্লাদের বাড়িতে নতুন ভবন নির্মাণের কাজ চলছে। রোববার সকালেও পরিবারের সদস্যরা বাড়ির কাজ নিয়ে ব্যস্ত ছিলেন।
নড়াইলের লোহাগড়ায় বাড়ির পাশের পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার সকাল ৮টার দিকে উপজেলার নলদী ইউনিয়নের হলদা গ্রামে এ ঘটনা ঘটে বলে ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আবু তালেব মোল্যা জানিয়েছেন।
মারা যাওয়া সাড়ে ৩ বছর বয়সি নুসরাত ওই গ্রামের শহিদুল্লার মেয়ে।
আবু তালেব মোল্যা বলেন, শহিদুল্লাদের বাড়িতে নতুন ভবন নির্মাণের কাজ চলছে। রোববার সকালেও পরিবারের সদস্যরা বাড়ির কাজে ব্যস্ত ছিলেন। এর মধ্যে নুসরাত বাড়ির উঠানে খেলা করছিলো। কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুজি শুরু করেন।
এক পর্যায়ে শিশুটিকে বাড়ির পাশের পুকুরে পড়ে থাকতে দেখেন। তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ইউপি সদস্য আবু তালেব আরও বলেন, ধারণা করা হচ্ছে খেলার এক ফাঁকে সকলের অজান্তে শিশুটি পুকুরে পড়ে যায়। শিশুটির মৃত্যুর ঘটনায় ওই পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
